বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবু রেজা খান (৫৭) ও চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আবু রেজা খান উপজেলা সদরের ডহরপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেন খানের ছেলে। শামীম হোসেন চাঁপাপুর ইউনিয়নের পালনকুড়ি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘির তালশন কালীবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানের পেছনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী একত্রিত হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তারা বিভিন্ন এলাকায় নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, মহাসড়কে চলাচলরত যানবাহন ভাঙচুর, মহাসড়কের ক্ষতিসাধন এবং সরকারি স্থাপনা বিনষ্টের মাধ্যমে দেশে অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিলেন। পরে ওই স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানকে ১৫ ফুটের একটি ব্যানারসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম দুই নেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বিকেলে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।