বিশ্বসাহিত্য

আধুনিক না উত্তর আধুনিক : র‌্যাঁবোঁকে নিয়ে দ্বিধা

উত্তর আধুনিকতাবাদীরা ‘মডার্নিটি’কে যেভাবে দেখেন, বোদলেয়ার বা আরও অনেকে সেভাবে দেখতেন না। বোদলেয়ারের মতো র‌্যাঁবোঁও আধুনিকতাকে নির্দিষ্ট কোনো কালপর্বের চিন্তা হিসেবে দেখতেন না। তিনি মনে করতেন, একজন আধুনিক সবসময়ই আধুনিক হতে পারেন। যেকোনো কালপর্বেই যারা রূপান্তরকামী নান্দনিক ও রাজনৈতিক ন্যায়ের পক্ষে থাকেন, তারাই ‘আধুনিক’। উত্তর আধুনিকতাবাদীরা ‘মডার্নিটি’কে একটি ব্যর্থ বা ভেঙে পড়া কাঠামো হিসেবে দেখেন এবং মনে করেন, এর সময় এখন ফুরিয়েছে। আধুনিকতা বা ‘মডার্নিটি’ শব্দটি সনাতন বা ট্র্যাডিশনালের বিপরীত।

অল্প কথায়, ইউরোপে শিল্পবিপ্লবের পর পুঁজির বিকাশ শুরু হলে স্বাভাবিকভাবেই মানুষের আচরণেও পরিবর্তন আসে। ওই সময়টাকেই ইউরোপে বলা হয় ‘আধুনিক যুগ’। এটি একটি কাল বা অবস্থা (state of being)। এই কালপর্বে বিশেষ একটি দৃষ্টিভঙ্গিও তৈরি হয়। আবার কালের পরিক্রমায় সেটি হারিয়েও যায়। কিন্তু বোদলেয়ার প্রথম ‘মডার্নিটি’ নিয়ে বলতে গিয়ে জানান, দাসযুগেও একজন আধুনিক মানুষ থাকতে পারেন, যিনি দাসদের মুক্তি ও মুক্তির উপায় খুঁজতে পারেন। বোদলেয়ারের মতো র‌্যাঁবোঁও একই ধারার পক্ষে। তিনিও মনে করেন, আধুনিক সেই ব্যক্তি, যিনি গতানুগতিকের বাইরে এবং নিজ সময়ের চেয়ে প্রাগ্রসর।

আমরা র‌্যাঁবোঁ তার সৃষ্টিকর্মে ‘মডার্নিটি’কে কীভাবে দেখেছেন, সেদিকে নজর দেব।

উত্তর আধুনিকতাবাদীরা যেমন ঐতিহ্যকে খারিজ করেন, আর্তুর র‌্যাঁবোঁও তার সময়ে সেটি করেছেন। র‌্যাঁবোঁর ওপর সবচেয়ে বেশি গবেষণা করেছেন অ্যালেক্সিস কার্পুজোস। গুগলে অ্যালেক্সিসের র‌্যাঁবোঁবিষয়ক লেখাই সবচেয়ে বেশি পাওয়া যায়। শুধু র‌্যাঁবোঁকে নিয়ে তার সাতটি বই রয়েছে। অ্যালেক্সিস কার্পুজোস জানান, র‌্যাঁবোঁ শুধু ঐতিহ্যকেই নয়, খণ্ডনবাদ (fragmentation) ও ব্যক্তিনিষ্ঠতা নিয়েও কাজ করেছেন। সবকিছুকে অস্বীকার করার নৈরাজ্যবাদও ছিল তার সৃষ্টিতে। এর মানে, উত্তর আধুনিকতাবাদীরা যেমন নির্বিশেষ ইস্যুর চেয়ে বিশেষ বিশেষ ইস্যুতে বেশি জোর দেন, র‌্যাঁবোঁ তা করেছেন খণ্ডনবাদের মাধ্যমে। আর নৈরাজ্যবাদের বিষয়টি তো সবকিছুকে চ্যালেঞ্জ করারই মতো।

মজার ব্যাপার হলো, তিনি ধ্রুপদি কবিতার কঠোর কাঠামো প্রত্যাখ্যান করে মুক্ত ছন্দ ও অপ্রচলিত দ্বান্দ্বিক বিন্যাস বেছে নিয়েছিলেন। আ সিজন ইন হেল-এর মতো রচনাগুলো মূলত ঐতিহ্যের বিরুদ্ধে বিদ্রোহ।

আবার খণ্ডনবাদ ও পাশাপাশি নতুনভাবে স্থাপনের মাধ্যমে আধুনিক কবিরা বিভিন্ন কৌশল এমনভাবে ব্যবহার করেন, যাতে অর্থের জটিল স্তর তৈরি হয় এবং পাঠকের দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জের মুখে পড়ে। র‌্যাঁবোঁ তার কবিতায় এ ক্ষেত্রে অন্য পথ বেছে নিয়েছেন। যেমন—তার কবিতায় চিত্রকল্প ও সুরের আকস্মিক পরিবর্তন লক্ষ করা যায়, যা এক বিচ্ছিন্ন অথচ গভীর ব্যঞ্জনাপূর্ণ আখ্যান তৈরি করে। ‘দ্য ড্রাঙ্কেন বোট’ কবিতায় এর উদাহরণ রয়েছে। সেখানে এমন কিছু প্রাণবন্ত ও আপাতদৃষ্টিতে সম্পর্কহীন চিত্রকল্প আছে, যা সামগ্রিকভাবে এক ধরনের বিভ্রান্তি ও মুক্তির অনুভূতি দেয়।

তার কবিতায় পরিচিতি (আইডেনটিটি), ধারণা (পারসেপশন) ও আত্ম-আবিষ্কারের মাধ্যমে নতুন কিছু নির্মাণের প্রবণতা রয়েছে।

এমনকি তিনি দক্ষ মনোচিকিৎসকের মতো মনের অবচেতন স্তরের অনুসন্ধানও করেন। তার ইলুমিনেশনস কাব্যগ্রন্থে চেতনার ভিন্ন ভিন্ন অবস্থা অনুসন্ধান করেন এবং দেখান, ‘মানুষ’ বদলে যায়। মানুষের এই বদলের কথা উত্তর আধুনিকতাবাদীরাও বলেন। র‌্যাঁবোঁ মানুষের এই বদলকে দেখিয়েছেন প্রতীকবাদের মাধ্যমে। তার সেই বিখ্যাত লাইনগুলো :

আমি দেখেছি দিগন্তের কাছাকাছি ঝুলে থাকা সূর্য, রহস্যময় বিভীষিকায় দাগী/ যা আলোকিত করছে বেগুনি রঙের ঘন আস্তরণ/ যেন কোনো সুপ্রাচীন নাটকের কুশীলব তারা/ ঢেউগুলো দিগন্তকে পেছনে ঠেলে দিচ্ছে আর আলোর বিচ্ছুরণে ফেটে পড়ছে/ (অনুবাদ : লেখক)

এটা কি সমুদ্রে দিশেহারা হয়ে ভেসে চলা নৌকার অভিজ্ঞতাই শুধু? মানুষের জীবন নয়?

র‌্যাঁবোঁকে নিয়ে আরেকটি দুর্দান্ত বিশ্লেষণ পাওয়া যায় ২০২৯ সালে ‘দ্য আর্টিফিস’ (The Artifice) ম্যাগাজিনে। লেখাটির শিরোনাম ‘একবিংশ শতাব্দীর জন্য র‌্যাঁবোঁর বিদ্রোহ’। লেখাটির শুরুতেই বলা হয়, র‌্যাঁবোঁকে প্রায়ই ‘শিশু শেক্সপিয়র’ বলে অভিহিত করা হয়। ১৮৫৪ সালে ফ্রান্সের শার্লেভিল শহরে, যা বেলজিয়াম সীমান্তের কাছাকাছি অবস্থিত, তার জন্ম। হাঁটুতে ক্যানসারের কারণে ১৮৯১ সালের ১০ নভেম্বর মারা যান, মাত্র ৩৭ বছর বয়সে। বিশ বছর বয়স থেকে লেখালেখি শুরু করলে তিনি সময় পেয়েছিলেন খুব অল্প। এ সময়ের মধ্যেই নিজেকে একজন দ্রষ্টা (seer) হিসেবে ঘোষণা দিয়েছিলেন। মূলত কবিতা লেখার কাজও করেন খুব অল্প সময়। ত্রিশ বছর বয়স হওয়ার আগেই কবিতা লেখাও ছেড়ে দেন। কিন্তু তার বিদ্রোহের আগুন যেন কখনোই নেভেনি।

কার্ল মার্কস ও র‌্যাঁবোঁ প্রায় কাছাকাছি সময়ের মানুষ। সরাসরি তাদের মধ্যে যোগাযোগ না থাকলেও একটি পরোক্ষ ঐতিহাসিক সংযোগ ছিল, আর তা হলো ১৮৭১ সালের প্যারিস কমিউন (Paris Commune)। ফরাসি শ্রমিকদের এই ঐতিহাসিক বিদ্রোহকে কার্ল মার্কস গভীরভাবে সমর্থন করেছিলেন। এটাকে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব হিসেবেও আখ্যা দেওয়া হয়, যদিও তা স্থায়ী হয়নি। কিন্তু প্যারিস কমিউন র‌্যাঁবোঁকে প্রভাবিত করেছিল। তিনি বিপ্লবীদের পক্ষে কবিতাও লিখেছিলেন।

শিল্পায়নের ধোঁয়াশায় আচ্ছন্ন এবং তথাকথিত প্রগতি ও উন্নয়নের অন্তহীন আদর্শের পেছনে অবিরাম ছুটে চলা পশ্চিমা বিশ্বের মানুষ আজও সেই সীমাবদ্ধতা ও পরিস্থিতির মধ্যে বাস করছে, যা র‌্যাঁবোঁ উনিশ শতকের শেষভাগে তার কবিতায় তুলে ধরেছিলেন। র‌্যাঁবোঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, মানুষ সুদীর্ঘকাল ‘বিরক্তি’ বা ‘এনুই’ (ennui)-এর চোরাবালিতে আটকা পড়ে থাকবে। অধীর আগ্রহে অপেক্ষা করবে পরিবর্তনের। র‌্যাঁবোঁ তার চিঠিতে এসব ভবিষ্যদ্বাণী করে যান বলে এ লেখায় বলা হয়। র‌্যাঁবোঁ মনে করতেন, বহু বছর পেরিয়ে গেলেও মানুষ অতি দানব ও অতি মানবেরই অপেক্ষা করবে, যা বাস্তবে দেখা যাবে না। অনেক দর্শন আসবে, কিন্তু মানুষের দুর্দশার পরিবর্তন হবে না। সে জন্য তিনি দার্শনিকদেরও কটাক্ষ করতে পিছপা হননি।

এখন প্রশ্ন হলো, যিনি কোনো ব্যবস্থার সংকট নিয়ে চিন্তিত এবং সেই ব্যবস্থার পরিবর্তন চান, তাকে আমরা ‘আধুনিক’ বলব, নাকি ‘উত্তর আধুনিক’ বলব? যদিও তার সময়ে উত্তর আধুনিক সমাজের বৈশিষ্ট্যগুলোর বাস্তবতা তৈরি হয়নি।

২০১৯ সালে ‘টুপেলো কোয়ার্টারলি’র (TUPELO QUARTERLY) একটি সংখ্যায় ফরাসি কবি ফ্রান্সিস কম্বসের সাক্ষাৎকার নেন মিং ডি। এই সাক্ষাৎকারে ফ্রান্সিস কম্বস র‌্যাঁবোঁ সম্পর্কে মত দেন যে, র‌্যাঁবোঁর নিজস্ব সংজ্ঞানুযায়ী তিনি ‘আধুনিক’; আবার পরবর্তী সময়ে উত্তর আধুনিকতাবাদী বা উত্তর কাঠামোবাদীদের মতো তিনিও সবচেয়ে বড় উত্তর আধুনিকতাবাদী। র‌্যাঁবোঁর সেই বিখ্যাত উক্তি ‘জীবন বদলে দাও’কে তিনি এর সাক্ষ্য হিসেবে হাজির করেন। এই উক্তির মাধ্যমে র‌্যাঁবোঁ বারবারই ব্যবস্থা বা কাঠামোর পরিবর্তন চেয়েছেন।

ফ্রান্সিস কম্বস ‘দ্য থট’ ম্যাগাজিনকে ২০২৫ সালে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ১৮৭৩ সালে প্রকাশিত তার বিখ্যাত গদ্য-কবিতা সংকলন আ সিজন ইন হেল-এর শেষ অংশে ইশতেহারের মতো ঘোষণা দেন, প্রচলিত কাঠামোর বিরুদ্ধে পূর্ণ বিদ্রোহ করতে হবে। পুরনো সব ধ্যানধারণাকে নতুনভাবে হাজির করতে হবে। সমস্ত জড়তা, কুসংস্কার এবং বুর্জোয়া সামাজিক মূল্যবোধ যে ফাঁপা ও অন্তঃসারশূন্য, তা প্রমাণ করতে হবে। এমনকি খ্রিস্টীয় নৈতিকতা, প্রাচীন ঐতিহ্য এবং রোমান্টিক ঘরানার ক্লিশে সাহিত্যকেও খারিজ করেছেন। র‌্যাঁবোঁর মতে, ‘প্রাচীন সমস্ত শৃঙ্খল ও অতীতের ভোজ’ ত্যাগ করতে হবে। ফ্রান্সিস কম্বস জানান, র্যাঁবোঁ তার দ্রষ্টার পত্রাবলিতে (Vo–ant) বারবার অজানাকে স্পর্শ করা ও নিজের অবস্থানকে প্রশ্ন করাকেই কাজ হিসেবে দেখেছেন। এমনকি তিনি বলতেন, ‘আমি হলাম অন্য কেউ’। তাই র‌্যাঁবোঁ মনে করতেন, ‘আধুনিক পুঁজিবাদী সমাজ’ দোজখের মতো। তিনি পরম সত্য ও কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছেন। নিয়মতান্ত্রিক বিশৃঙ্খলার মাধ্যমেই কেবল নতুন যুগের নতুন নতুন সত্য বা অজানাকে স্পর্শ করা সম্ভব। ফ্রান্সিস কম্বস উপসংহারে জানান, র‌্যাঁবোঁ আজকালকার উত্তর আধুনিকতাবাদীদের চেয়েও বড় উত্তর আধুনিকতাবাদী।

ফ্রান্সিস কম্বসের মতে, কালপর্বের ভিত্তিতে ভাগ করে দেখলে হয়তো র‌্যাঁবোঁ আধুনিক, উত্তর আধুনিক নন। কিন্তু র‌্যাঁবোঁর কাছে তো ‘আধুনিক’-এর সংজ্ঞাই ছিল অন্য রকম। ফ্রান্সিস কম্বস ফ্রান্সে উত্তর আধুনিকতার অন্যতম প্রধান প্রবক্তা ফ্রাঁসোয়া লিওতারের বরাতে জানান, মডার্নিজম যেখানে মহা-আখ্যান বা মেটা-ন্যারেটিভের আশ্রয় নেয়, উত্তর আধুনিকতা তা বর্জন করে। মহা-আখ্যানের দিন শেষ। কিন্তু প্রশ্ন হলো, একটি নির্দিষ্ট সময় থেকেই কি মানুষের চিন্তার পরিবর্তন শুরু হয়? লিওতারের দ্য পোস্টমডার্ন কন্ডিশন (১৯৭৯) বইতে মহা-আখ্যান পৃথিবীকে ভালো ও মন্দে বিভক্ত করেছে—এমন মত দেওয়া হয়েছে। র‌্যাঁবোঁ তো এই ‘মহা-আখ্যানেরই’ বিপক্ষের মানুষ ছিলেন।

একই ব্যাপার দেখা যায় দ্য কালচার অব পোস্টমডার্নিজম বইটি পড়লেও। এ বইতে উত্তর আধুনিকতার যেসব বৈশিষ্ট্য হাজির করা হয়েছে, সেগুলো হলো—বৃহৎ নয়, ক্ষুদ্র; সমগ্র নয়, অংশ; শৃঙ্খলাবদ্ধ নয়, এলোমেলো; প্রথাগত নয়, নিরীক্ষামূলক; নিজেকে মহান না ভেবে তুচ্ছ জ্ঞান করা।

র‌্যাঁবোঁর জীবন, চিন্তা ও সৃষ্টিতে এ-সবকিছুই বিদ্যমান ছিল। তিনি এক চিঠিতে লিখেছিলেন, ‘অতি তুচ্ছ হতে চাই’, ‘বৃহৎ নই, টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে চাই’, ‘যা কিছু মহান ও প্রথাগত, সবকিছুর বিপরীতে আমি দাঁড়াতে চাই’।

১৮৭৫ সালে জার্মানির স্টুটগার্টে মার্চের এক বিকেলে ভার্লেইন জেল থেকে বের হলে শেষবারের মতো দেখা হওয়ার সময় র‌্যাঁবোঁ তাকে বলেছিলেন, ‘কবিও হতে চাই না আর, দ্রষ্টা হতে চাই।’ (আনটোল্ড স্টোরি অ্যাবাউট র‌্যাঁবোঁ, জেফ রসমান, দ্য থট ম্যাগাজিন)।

এ লেখা থেকেই আরও জানা যায়, ‘এরপর ঘুরতে ঘুরতে ১৮৮০ সালে ইয়েমেনে এসে বেশিদিন স্থায়ী হতে পারলেন না। ইথিওপিয়ার প্রেমিকার সঙ্গে তার দেশের হারারে শহরে চলে গেলেন। সেখানে থাকতেই তার অসুস্থতা ক্রমশ তীব্র হয়। সেসময় একদিন সন্ধ্যায় প্রেমিকার সঙ্গে বালুচরে হাঁটার সময় তার স্যান্ডেলের ফিতে ছিঁড়ে যায়। তিনি মুচকি হাসেন, বলেন, এই স্যান্ডেলের ফিতের মতো টুকরো টুকরো হয়ে ছিঁড়ে পড়ে মানুষের জীবন। মানুষ কোনো মহান কিছু নয়।’