চট্টগ্রামকে ব্যবসাবান্ধব বাণিজ্যনগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে চেম্বার : আমিরুল হক

চট্টগ্রামকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব বাণিজ্যনগরী হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন চেম্বার সভাপতি আমিরুল হক। 

তিনি বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে তা সমাধানে চেম্বার কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে নগরীর বিভিন্ন মার্কেট ও এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে চেম্বার সভাপতি এসব  কথা বলেন। 

ব্যবসায়ীদের সমস্যাগুলো দ্রুত সমাধানের প্রত্যয় ব্যক্ত করে চেম্বার সভাপতি বলেন-ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা, ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা দূরীকরণ এবং চট্টগ্রামের বাণিজ্যিক কার্যক্রমকে আরও গতিশীল করতে চেম্বার সবসময় ব্যবসায়ী সমাজের পাশে রয়েছে। মার্কেট অ্যাসোসিয়েশনগুলোর পক্ষ থেকে উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থার সাথে আলোচনা করে তা স্থায়ীভাবে সমাধান করা হবে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন। 

তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, যানজটমুক্ত, হকারমুক্ত ও ব্যবসাবান্ধব বাণিজ্যনগরী গড়ে তোলা সম্ভব। তিনি ব্যবসায়ীদের প্রশাসনের ডিলিং লাইসেন্সের নামে হয়রানি রোধে এবং যত্রতত্র মেলার অনুমতি প্রদান না করার জন্য সংশ্লিষ্টদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। 

সভায় বিভিন্ন মার্কেট এসোসিয়েশনের নেতারা বলেন-কোন প্রকার ট্যাক্স, ভ্যাট না দেয়া হকারদের যত্রতত্র অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখলের কারণে ক্রেতা-বিক্রেতাদের চলাচলে যেমনি বিঘ্ন সৃষ্টি হচ্ছে তেমনি বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা বড় অংকের আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বিত উদ্যোগের মাধ্যমে হকারমুক্ত, ফুটপাত ও রাস্তাঘাট দখলমুক্ত, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য পূর্বের ন্যায় প্যাকেজ ভ্যাট ব্যবস্থা চালু, ডিলিং লাইসেন্স ও মোবাইল কোর্টের নামে প্রশাসনের হয়রানীরোধ ও যত্রতত্র মেলা আয়োজনের অনুমতি না দেয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে সমাধানের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া সরকারি ছুটিগুলোতে এলাকাভিত্তিক মার্কেট বন্ধের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদানের লক্ষ্যে চেম্বার সভাপতির হস্তক্ষেপ কামনা করেন। 

মতবিনিময় সভায় চেম্বার সিনিয়র সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী, প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি এম. এ. ছালাম, চেম্বার পরিচালক মোঃ আফসার হাসান চৌধুরী (জসিম), আসাদ ইফতেখার, টেরিবাজার দোকান মালিক সমিতির সভাপতি এম এ মান্নান, ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির মনির হোসেন, তামাকুমন্ডি লেইন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ দোকান মালিক সমিতির সদস্য নজরুল ইসলাম মামুন, হোটের রেস্তোঁরা মালিক কল্যাণ সমিতির সভাপতি ইলিয়াস আহম্মেদ ভূইয়া, আজম খান, পুলিশ প্লাজা দোকান মালিক সমিতির উপদেষ্টা মোঃ শামীম, সিজল’র চেয়ার‌ম্যান মোঃ নুরুল আলমসহ বিভিন্ন মার্কেট এসোসিয়েশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, চেম্বার পরিচালক এস. এম. সাইফুল আলম, কামাল মোস্তফা চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, মোঃ সেলিম নুরসহ বিভিন্ন মার্কেট এসোসিয়েশন এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।