অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বগুড়ায় ৪ প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় চারটি হোটেল ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যা ৭টার দিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেন।

অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম। জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, বিসমিল্লাহ হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ময়লা-আবর্জনার পাশে মরিচ শুকানো, খাদ্যে নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

গ্রামীণ ফুডসে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, মেয়াদ উল্লেখ না করে পুরোনো মাওয়া, ক্ষীর ও দুধের ছানা সংরক্ষণ এবং আমদানির প্রমাণপত্র ছাড়াই বিদেশি চকলেট ও খাদ্যপণ্য মজুতের তথ্য পাওয়া যায়।

মৌবন ফুডসে খাবারের মধ্যে পোকা পাওয়া যায়। এ ছাড়া পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের প্রমাণ মেলে। অন্যদিকে, হোটেল স্টারে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং পত্রিকার কালি লাগানো কাগজে খাবার পরিবেশন ও সংরক্ষণ করতে দেখা যায়।

এসব অপরাধে দোষ স্বীকারের ভিত্তিতে বিসমিল্লাহ হোটেলকে ১ লাখ, গ্রামীণ ফুডসকে ৩ লাখ, মৌবন ফুডসকে ৫ হাজার এবং হোটেল স্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার মোট ৪ লাখ ১৫ হাজার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, আদমদীঘি উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে সান্তাহার ফাঁড়ি পুলিশ।

এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর মালিকদের কাছে ব্যাখ্যা তলব করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ভবিষ্যতে সরকারি আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।