হাজীরবাগে বাড়ির ছাদ থেকে ফেলে শিশু হত্যার অভিযোগ

রাজধানীর যাত্রাবাড়ী মীর হাজীরবাগে ৫তলা একটি বাড়ির ছাদ থেকে আবিদা (৪) নামে এক শিশুকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিটল (২৬) নামে পাশের ফ্ল্যাটের এক তরুণীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী মীর হাজীরবাগ ৪৬১ নম্বর বেলাল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।

শিশুটির বাবার নাম মো. আসিফ। তাদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার শীবচর বাজার এলাকায়।

পরিবার জানায়, বাড়িটির ৩য় তলায় থাকে শিশুটির পরিবার। বিকেলে বৃষ্টির মধ্যে ছাদে খেলছিল শিশুটি। এর কিছুক্ষণ পর তারা খবর পান, আবিদা ছাদ থেকে পড়ে গেছে। তখন তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

এদিকে, যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) এ,এম তাজমুল করিম জানান, ঘটনাটির তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়ে আশপাশের ভাড়াটিয়াদের কাছ থেকে জানা গেছে, শিশুটির পরিবারের বাসার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া নিটল (২৬) এক তরুণী ছাদ থেকে ধাক্কা দিয়ে ওই শিশুটিকে ফেলে দিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।