অ্যাপে সিরি ব্যবহারের সুযোগ দিল অ্যাপল

আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরিকে আরও কার্যকর ও বুদ্ধিমান করে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে অ্যাপল। এবার শুধু নিজেদের অ্যাপ নয়, থার্ড-পার্টি বা তৃতীয় পক্ষের অ্যাপেও সিরি ব্যবহারের সুযোগ দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর ফলে ব্যবহারকারীরা কণ্ঠস্বরের নির্দেশেই বিভিন্ন অ্যাপের কাজ পরিচালনা করতে পারবেন।

দীর্ঘদিন ধরেই গুগলসহ প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি প্রতিষ্ঠানের এআই সুবিধার তুলনায় সিরির সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা ছিল। সেই ব্যবধান কমাতে সিরির নতুন এআই সংস্করণ তৈরি করেছে অ্যাপল। এর মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও প্রাসঙ্গিকতা বুঝে আরও নির্দিষ্ট নির্দেশ পালন করতে পারবে ভয়েস অ্যাসিস্ট্যান্টটি।

নতুন সুবিধাটি তৈরি করা হয়েছে অ্যাপলের ‘অ্যাপ ইনটেন্টস’ প্রযুক্তির ভিত্তিতে। এর ফলে রাইড শেয়ারিং অ্যাপে গাড়ি বুক করার পর সিরিকে নির্দেশ দিয়ে গন্তব্য পরিবর্তন কিংবা খাবারের অর্ডারের অবস্থা জানা যাবে। এমনকি বিভিন্ন অ্যাপে পণ্যের দাম যাচাই ও তুলনা করার কাজও করা সম্ভব হবে।

প্রাথমিকভাবে ডেভেলপারদের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হলেও সাধারণ ব্যবহারকারীদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। এ সুবিধা ব্যবহারে অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থিত আইফোন প্রয়োজন হবে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক জটিলতার কারণে অঞ্চলটিতে সুবিধাটি চালু হতে বিলম্ব হতে পারে। নতুন উদ্যোগের মাধ্যমে আইফোনে এআইনির্ভর ব্যক্তিগত সহকারীর ব্যবহার আরও বিস্তৃত করতে চায় অ্যাপল।