শিশুর খাবারে চিনি নয়

ছয় মাস পর্যন্ত  মায়ের বুকের দুধ ছাড়া আর কোনো কিছু শিশুকে খাওয়ানো যাবে না। আর ৬ মাসের পর থেকে ধীরে ধীরে সলিড ফুড খাওয়ানোর অভ্যাস তৈরি করতে হবে। কিন্তু আগামী ২ বছর একেবারেই চিনি দেওয়া চলবে না। এই নিয়ম-ই মেনে চলতে বলেন ডাক্তাররা। তবে অনেক সময়ে না চাইতেও অনেক নবজাতককে কৌটার দুধ খাওয়াতে হয়। অথচ এই ধরনের কৌটার দুধে চিনি মেশানো থাকে। অথচ জন্মের প্রথম ৬ মাসে শিশুবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে মিষ্টি স্বাদের জন্য কোনো উপাদান যোগ করার প্রয়োজন নেই। বরং, প্রথম থেকে যদি শর্করা জাতীয় খাবার খাওয়ানো হয়, তা হলে ভবিষ্যতে নানা রকমের রোগ দেখা দিতে পারে। তা ছাড়া বাচ্চার খাদ্যাভ্যাসও নষ্ট হয়ে যাবে।

এত কম বয়স থেকে যদি চিনি বা অন্য শর্করা শিশুর শরীরে যায়, তা হলে ভবিষ্যতে ফ্যাটি লিভার, ডায়াবেটিস, ওবেসিটির মতো সমস্যা বাড়তে পারে। তাই প্রথম ৬ মাস মায়ের দুধ ছাড়া আর কিছুই সন্তানকে খাওয়ানো উচিত নয়। এমনকি পানি খাওয়ানো যাবে না।

৬ মাসের পর থেকে ধীরে ধীরে ভাত-ডাল, মাছ-ফল শিশুকে খাওয়ানো হয়। কিন্তু সেই খাবারেও কোনো রকম চিনি যোগ করা যাবে না। শুধু তা-ই নয়, মধু বা গুড়ের মতো প্রাকৃতিক শর্করাও শিশুর ডায়েটে রাখা চলবে না। তবে ৬ মাসের পর থেকে ফল খাওয়ানো যেতে পারে। তার মধ্যে থাকা প্রাকৃতিক শর্করা ক্ষতি করে না বাচ্চার।