 জনস্বার্থের আড়ালে দখল

মুক্ত হোক মুক্তাঙ্গন

পাকিস্তান আমলে প্রায় ৮৪ শতাংশ জমির ওপর পার্ক হিসেবে গড়ে উঠেছিল আজকের মুক্তাঙ্গন। রাজধানীর জিপিও থেকে পল্টন মোড়ের দিকে যেতে বাম দিকের খোলা অংশটিই হলো মুক্তাঙ্গন। পল্টন ময়দানের বিকল্প হিসেবে এক সময় মুক্তাঙ্গন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সভা-সমাবেশ, মিছিল-আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সাল থেকে রাজনৈতিক দলের সভা-সমাবেশ করার জন্য মুক্তাঙ্গন ব্যবহারের নির্দেশ দেন। ২০১১ সালের ২৬ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মুক্তাঙ্গনে সভা-সমাবেশে যে  নিষেধাজ্ঞা জারি  করে তা  বহাল রয়েছে বটে, তবে মুক্তাঙ্গন এখন ভাড়ার গাড়ির মালিকদের মুঠোবন্দি। ৯ নভেম্বর ‘মুক্তাঙ্গনের মুক্তি নেই’ শিরোনামে দেশ রূপান্তরে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে কারসাজির ফাঁদে ফেলে মুক্তাঙ্গনকে কীভাবে কব্জায় রেখেছেন ভাড়ার গাড়ির মালিকরা। প্রতিবেদনে বলা হয়েছে, দখলমুক্ত করার দাবিতে উচ্চ আদালতে রিট করেন এলাকাবাসীর প্রতিনিধি পরিচয়ে এক ব্যক্তি। দেশ রূপান্তরের অনুসন্ধানে জানা গেছে, তিনিও মুক্তাঙ্গনের একজন গাড়িচালক! জনস্বার্থের আড়ালে দখল ধরে রাখার কৌশল হিসেবেই কি এই রিট হয়েছে কি না সেই প্রশ্ন সংগতই এসেছে সামনে। যে মুক্তাঙ্গন ছিল জনগণের কথা বলার জায়গা, সেটি কীভাবে বন্দি হয়ে পড়ল প্রশাসনের চোখে ধুলো দিয়ে এই প্রশ্নের জবাব দেওয়ার দায় সংশ্লিষ্ট দায়িত্বশীল কোনো পক্ষেরই এড়ানোর অবকাশ নেই।

রাষ্ট্রের মালিকানাধীন সম্পত্তিই  জনসম্পত্তি। গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাষ্ট্রের চূড়ান্ত মালিক জনগণ, তাই রাষ্ট্রের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি পরোক্ষভাবে জনগণেরই অধিকারভুক্ত। জনগণের মালিকানাধীন সম্পদ  রক্ষা এবং এর সঠিক ব্যবহার নিশ্চিত করা যেকোনো সভ্য সমাজের জন্য গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের খ্যাতিমান অর্থনীতি ও  ইতিহাসবিদ এবং সমাজতাত্ত্বিক টমাস সোয়েল বলেছেন, ‘বাকস্বাধীনতা এবং সম্পত্তির অধিকার আইনিভাবে ব্যক্তির হলেও, এর আসল কাজ হলো সামাজিক যাতে সেই বিশাল জনগোষ্ঠীর কল্যাণ হয় যারা নিজেরা হয়তো সরাসরি এই অধিকারের চর্চা করতে পারছে না’। টমাস সোয়েলের উক্তিটি আমাদের বিদ্যমান বাস্তবতায় কতটা প্রাসঙ্গিক তা আর নতুন করে বিশ্লেষণের প্রয়োজন পড়ে না। আমরা দেখছি, আমাদের সমাজে ব্যক্তি-অধিকারের চর্চার পথ অনেক ক্ষেত্রেই অমসৃণ। আমরা জানি, আধুনিক নগরে-শহরে জনগণের প্রতিবাদ জানানোর একটি নির্দিষ্ট জায়গা থাকে। সাধারণ মানুষ যে কোনো কারণে বিক্ষুব্ধ হলে সেখানে গিয়ে জড়ো হন, যূথবদ্ধভাবে মতামত জানান কিংবা প্রতিবাদ করেন। গণতান্ত্রিক রাষ্ট্র কিংবা সমাজে এভাবেই জনমত গড়ে ওঠার সড়ক নির্মিত হয়।

ফরাসি সমাজবিজ্ঞানী ও দার্শনিক তার বিখ্যাত ‘শহরের ওপর অধিকার’ তত্ত্বে বলেছেন, ‘নগর-শহর কোনো নিষ্ক্রিয় পাথরের স্তূপ নয়, এটি রাজনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের একটি জীবন্ত ক্ষেত্র। সাধারণ মানুষের জন্য নগরে-শহরে এমন উন্মুক্ত স্থান থাকা উচিত যেখানে তারা ব্যবস্থার বিরুদ্ধে কিংবা অধিকার আদায়ে নিজেদের কণ্ঠস্বর ও প্রতিবাদ তুলে ধরতে পারে’। আমাদের মুক্তাঙ্গন তো এক পর্যায়ে এরই স্মারক হয়ে দাঁড়িয়েছিল, যা আজ কৌশলী বেড়াজালে মহল বিশেষের মুঠোয়। যে মুক্তাঙ্গন পার্ক থেকে জনগণের প্রতিবাদের কেন্দ্রে রূপান্তরিত হয়েছিল সেই ঐতিহাসিক স্থানটি কী করে ভাড়ায় চালিত গাড়ি ব্যবসায়ীদের দখলে চলে গেল এই জিজ্ঞাসা ততক্ষণ উঠবেই যতক্ষণ না জনসম্পত্তি জনগণের অধিকারের কেন্দ্রে ফিরে আসবে। তবে শুধু জিজ্ঞাসাই নয়, আমরা এর যথাযথ প্রতিবিধানও দাবি করি। দেশ রূপান্তরে বলা হয়েছে, হাইকোর্টের একটি বেঞ্চ ২০২৫ সালের ২০ এপ্রিল এ সংক্রান্ত একটি আদেশ দেয়। ওই আদেশে বলা হয়, পরবর্তী ৬০ দিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসক বিষয়টি নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দাখিল করবেন। মুক্তাঙ্গনে এ সংক্রান্ত দুটি সাইনবোর্ডে উচ্চআদালতের এই নির্দেশনা টানিয়ে রাখা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে, মুক্তাঙ্গনে জনস্বার্থে দূষণ এবং দখলমুক্ত রাখা এবং যেকোনো স্থাপনা নির্মাণ বন্ধের এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চআদালত এই রায় দেয়।

আইন অনুযায়ী এই জমির মালিকানা রয়েছে ঢাকার জেলা প্রশাসনের। সিটি করপোরেশন জমিতে স্থাপনা নির্মাণ করলেও মুক্তাঙ্গনের সব নিয়ন্ত্রণ থাকার কথা জেলা প্রশাসনের কাছেই। রিটকারী জেলা প্রশাসনকেও বিবাদী করেছে। আমাদের দাবি, দ্রুত রিটের নিষ্পত্তিক্রমে মুক্তাঙ্গনকে ফিরিয়ে দেওয়া হোক তার ঐতিহাসিক সেই ঐতিহ্য।