সর্বত্র হ্যাকাররা তৎপর, কতটা সতর্ক বাংলাদেশ

গত কয়েক মাস ধরেই প্রযুক্তি বিশ্বে সাইবার আক্রমণের ঘটনা ঘটছে। বিশেষ করে এআইর (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) সহযোগিতায় মারাত্মক ধরনের হ্যাকিং প্রচেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসব সাইবার আক্রমণের লক্ষ্য প্রযুক্তি কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান। বিগত কয়েক মাসে যে মাত্রার সাইবার আক্রমণের ঘটনা চিহ্নিত হয়েছে, তা নিকট অতীতেও দেখা যায়নি। এবারের সাইবার আক্রমণের ভয়াবহতা এতই বেশি যে, সম্ভাবনা জাগানো এআই খাতের অগ্রগতি থমকে গেছে। এমনকি অক্টোবর মাসের মাঝামাঝি থাইল্যান্ডের ব্যাংকক শহরে যে আইএমএফ এবং বিশ্বব্যাংকের বার্ষিক সভা অনুষ্ঠিত হয় সেখানেও প্রাধান্য পেয়েছে এআইভিত্তিক সাইবার আক্রমণের ভয়াবহতা। সাইবার আক্রমণের ভয়াবহতার কারণে অক্টোবর মাসকে ব্ল্যাক অক্টোবর হিসেবে ঘোষণা করা হয়েছিল।

যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সাইবার আক্রমণ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। কিন্তু এই আক্রমণ যখন কোনো আর্থিক প্রতিষ্ঠানে সংগঠিত হয়, তখন এর ভয়াবহতা সব মাত্রা ছাড়িয়ে যায়। গত মাসে সাইবার আক্রমণের তাণ্ডবও সে-রকমই ছিল। দক্ষিণ কোরিয়ার একটি বৃহৎ ব্যাংকে সাইবার আক্রমণ করে প্রায় ৬৮ হাজার গ্রাহকের অতি গোপনীয় তথ্য হাতিয়ে নিয়েছে। এর পরপরই ভারতের বৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক ইন্ডিয়াতে সাইবার আক্রমণের ঘটনা ঘটেছে, যদিও মারাত্মক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সবচেয়ে ভয়াবহ এবং নজিরবিহীন সাইবার আক্রমণের ঘটনা ঘটেছে গত সপ্তাহে বাইন্যান্স ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে, যেখান থেকে হ্যাকিংয়ের মাধ্যেমে ৬.৩ বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। বাইন্যান্স হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। ক্রিপ্টো কারেন্সির ইতিহাসে তো বটেই, সমগ্র আর্থিক খাতের ইতিহাসে ৬.৩ বিলিয়ন ডলার হ্যাকিং নজিরবিহীন ঘটনা। বাইন্যান্স কর্র্তৃপক্ষ দাবি করেছে, তারা ইতিমধ্যে হ্যাকিং হওয়া অর্থের মধ্যে ৩ বিলিয়ন ডলার অন্যান্য ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে ফ্রিজ করতে সক্ষম হয়েছে, যা তারা পর্যায়ক্রমে উদ্ধার করতে পারবে। কিন্তু বাকি ৩.৩ বিলিয়ন ডলার হ্যাকাররা হাতিয়ে নিতে সক্ষম হয়েছে, যা ফিরে পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। বাইন্যান্স কর্র্তৃপক্ষ আশ্বস্ত করেছে, তাদের ক্ষতিপূরণ প্রদান বাবদ গ্রাহকের নিরাপদ সম্পদ তহবিল আছে, সেখান থেকে এবং কোম্পানির নিজস্ব তহবিল থেকে হ্যাকিংয়ের কারণে খোয়া যাওয়া অর্থ ফেরত দেওয়া হবে। ফলে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কেননা তাদের সম্পদের কোনো ক্ষতি হবে না। বাইন্যান্স কর্র্তৃপক্ষের এমন নিশ্চয়তায় গ্রাহকরা কতটুকু আশ্বস্ত হবে এবং এই হ্যাকিংয়ের সুদূরপ্রসারী প্রভাব কেমন হবে, তা হয়তো ভবিষ্যৎ বলতে পারবে।

ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে সংঘটিত হ্যাকিং ক্রিপ্টো ইন্ডাস্ট্রি তো বটেই, বিশ্বব্যাপী সমগ্র আর্থিক খাতকে হতবাক করে দিয়েছে। ঘটনার ভয়াবহতা এতটাই তীব্র যে, এর প্রভাবে ভবিষ্যতে অনেক বিনিয়োগের হিসাব-নিকাশ বদলে যেতে পারে। যদি এই ঘটনা সম্ভাবনা জাগানো দুটো খাত ক্রিপ্টোকারেন্সি এবং এআই-এর অগ্রযাত্রা থামিয়ে দেয় তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে হ্যাকিং চালিয়ে বিশাল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার ব্যাপারটা অন্য যে কোনো খাতের চেয়ে অনেক বেশি উদ্বেগের এবং দুশ্চিন্তার। কেননা ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ডিজিটাল সম্পদ এবং ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ হচ্ছে এই ডিজিটাল সম্পদের ডিজিটাল ব্যাংক বা ওয়ালেট। এখানে সবকিছু ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হয় এবং ম্যানুয়াল কোনো কাজ নেই।

ক্রিপ্টোকারেন্সি অন্যান্য লিগ্যাল টেন্ডারের মতো সহজে বিনিময় এবং হস্তান্তরযোগ্য নয় যে, খুব সহজে সরিয়ে ফেলা যাবে। ক্রিপ্টোকারেন্সি সাধারণত কোনো না কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জে বা ব্লকচেইন প্ল্যাটফর্মে রাখতে হয় এবং সেখান থেকে পর্যায়ক্রমে ডলার বা অন্য কোনো লিগ্যাল টেন্ডারে রূপান্তর করতে হয়। এ রকম একটি উচ্চমাত্রার নিরাপদ খাতে যদি হ্যাকিংয়ের মাধ্যমে রাতারাতি বিশাল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া যায়, তাহলে যে এটা কোন মাত্রার সাইবার আক্রমণ ছিল, তা অনেকেই বুঝে উঠতে পারছেন না। ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে এ রকম ভয়াবহ হ্যাকিংয়ের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বিশ্বের কোনো খাত, প্রতিষ্ঠান বা দেশই সাইবার আক্রমণের ঝুঁকি থেকে নিরাপদ নয়।

ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সংঘটিত হ্যাকিংয়ের সংবাদগুলো যখন পর্যালোচনা করছিলাম, তখন আজ থেকে প্রায় এক দশক আগে বাংলাদেশে ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে প্রায় একশ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার ঘটনার কথা মনে পড়ছিল। সম্প্রতি বাইন্যান্স যে পরিস্থিতির শিকার হয়েছে, বাংলাদেশ ব্যাংকও একই পরিস্থিতির শিকার হয়েছিল আজ থেকে প্রায় ১০ বছর আগে। পার্থক্য শুধু বাইন্যান্স সমগ্র ইন্ডাস্ট্রি এবং বলা চলে পুরো বিশ্ব ঘটনাটি হ্যাকিং স্বীকার করে নিয়ে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে শুরু করেছে। আর বাংলাদেশে ব্যাংকের অর্থ খোয়া যাওয়ার পর সেটাকে অনেক মহল হ্যাকিং হিসেবে মেনে নেওয়ার পরিবর্তে বিভিন্নভাবে মনগড়া আলোচনা করেছে। আমি শুরু থেকেই বিশ্লেষণ করে তুলে ধরার চেষ্টা করেছি যে, বিশ্বের অন্যান্য হ্যাকিংয়ের মতো এটাও ছিল একটি সাইবার আক্রমণের মাধ্যমে অর্থ সরিয়ে নেওয়ার ঘটনা। যারা বাংলাদেশে ব্যাংকের হ্যাকিংয়ের ঘটনা নিয়ে নিজেদের মতো করে বিভিন্নভাবে আলোচনা করেছেন, তারা বাইন্যান্সে হ্যাকিংয়ের ঘটনা ভালোভাবে পর্যালোচনা করে দেখতে পারেন।

এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বব্যাপী যে হ্যাকিং তাণ্ডব ঘটে গেল এবং যেভাবে দিনের পর দিন সাইবার আক্রমণের ঝুঁকি বেড়ে চলেছে, তাতে বাংলাদেশ এই ঝুঁকি থেকে কতটা নিজেদের নিরাপদ করতে পেরেছে। যতটুকু খোঁজখবর রাখি তাতে বাংলাদেশ সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সে রকম কোনো উল্লেখযোগ্য অগ্রগতি করতে পেরেছে, এমন দাবি করার সুযোগ নেই। বিশেষ করে ব্যাংক ও আর্থিক খাতের সাইবার নিরাপত্তা এখনো যথেষ্ট দুর্বল। সেভাবে কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই নাকি অফিসের কম্পিউটারে ব্যক্তিগত পাবলিক মেইল ব্যবহার করেন নির্বিচারে ওয়েবসাইট ব্রাউজ এবং যেভাবে অফিসের মেইলে গ্রাহকের হিসাব বিবরণী বা অন্যান্য তথ্য পাঠান, তাতে নিশ্চিত করে বলা যায়, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা খুবই ঝুঁকিপূর্ণ। নির্বিচার ইন্টারনেট এবং এই মেইল ব্যবহারই হচ্ছে সাইবার আক্রমণের সহজ গেটওয়ে। অক্টোবর মাসে সাইবার ঝুঁকির বার্তা থাকায় বাংলাদেশ ব্যাংক সাইবার আক্রমণের ঝুঁকি এড়াতে তাদের ওয়েবসাইট ডাউন করে রেখেছিল। কিন্তু এটা তো কোনো গ্রহণযোগ্য সমাধান হতে পারে না। বাংলাদেশ ব্যাংককে তাদের নিজেদের এবং অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিতে হবে। এটা দুভাবে হতে পারে। প্রথমে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে মানসম্পন্ন এবং সবচেয়ে নিরাপদ সাইবার সিকিউরিটি অ্যাপ্লিকেশন এবং ফায়ারওয়াল স্থাপন করার উদ্যোগ নিতে হবে। যদিও এসব অ্যাপ্লিকেশন এবং ফায়ারওয়াল যথেষ্ট ব্যয়বহুল, তারপরও বৃহত্তর স্বার্থে এই খাতে বরাদ্দ বৃদ্ধি করার কোনো বিকল্প নেই। পাশাপাশি ব্যাংকের কর্মকর্তাদের সাইবার নিরাপত্তার ব্যাপারে সচেতন করতে হবে।

এই লক্ষ্যে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। প্রথমত, ব্যাংকের কম্পিউটারে বা ল্যাপটপে কর্মকর্তাদের ব্যক্তিগত মেইল, বিশেষ করে পাবলিক মেইল, যেমন– ইয়াহু, জি-মেইল ওপেন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা প্রয়োজন। দ্বিতীয়ত, যেসব পাবলিক ই-মেইলে কোনোরকম লিংক এবং সংযুক্তি থাকবে, সেসব মেইল সরাসরি প্রাপকের কাছে না গিয়ে আইটির দায়িত্বপ্রাপ্ত টিমের কাছে যাবে। এই টিম সেই মেইল পরীক্ষা-নিরীক্ষা করে দেখে যখন নিশিচত হবে এখানে ক্ষতিকর কিছু নেই তখনই সেই মেইল প্রাপকের কাছে ফরোয়ার্ড করা হবে।

তৃতীয়ত, প্রতিটা ব্যাংক অফিসের মেইল ব্যবহারের একটা নীতিমালা তৈরি করতে হবে যা সবাই মেনে চলতে বাধ্য থাকবেন। চতুর্থত, ব্যাংকের একটি মেইল অডিট বা মনিটরিং টিম থাকবে যারা নিয়মিত কিছু মেইল ভেরিফাই করে দেখবে যে, কর্মকর্তারা মেইল প্রটোকল মেনে চলছেন কি না। পঞ্চমত, ব্যাংকের কর্মকর্তাদের কম্পিউটারে ওয়েবসাইট ব্রাউজ বা সার্চ করার সুযোগ রাখা যাবে না। প্রত্যেক ফ্লোরে একটি কমন ইন্টারনেট লাইব্রেরি রাখা হবে, যার সঙ্গে ব্যাংকের সার্ভারের কোনোরকম সংযোগ থাকবে না। সম্পূর্ণ বাইরের ইন্টারনেট সংযোগ দেওয়া হবে এই লাইব্রেরিতে। যাদের দাপ্তরিক কাজের জন্য ব্যক্তিগত পাবলিক মেইল ব্যবহার করতে হয় বা ওয়েবসাইট ব্রাউজ করতে হয়, তারা এই ইন্টারনেট লাইব্রেরিতে গিয়ে সেটা করতে পারবেন। ষষ্ঠত, ব্যাংকের কম্পিউটার বা ল্যাপটপে পোর্টেবল ডিভাইস, যেমন ইউএসবি ব্যবহার বন্ধ করে দেওয়া প্রয়োজন। বিশেষ প্রয়োজনে আইটির নির্দিষ্ট টিমের সদস্যরা এটা করতে পারবেন।

এ রকম আরও কিছু পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা আছে লেখার কলেবর না বৃদ্ধির প্রয়োজনে আলোচনায় আনিনি। মনে রাখতে হবে, সাইবার নিরাপত্তা অ্যাপ্লিকেশনের চেয়েও কর্মকর্তাদের সচেতনতা এবং সতর্ক পদক্ষেপই পারে যে কোনো প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে। বাংলাদেশ ব্যাংকের উচিত এদিকে বেশি গুরুত্ব দেওয়া। এ ব্যাপারে উদাসীনতার কোনো অবকাশ নেই। যত দ্রুত সম্ভব এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে যূথবদ্ধ প্রয়াস চালাতে হবে। অতীতের ঘটনাটি আমলে থাকুক । হ্যাকাররা নিত্যনতুন পাঁয়তারা করছে, বিশ্ব সংবাদমাধ্যমে গুরুত্ব দিয়ে এ সংবাদ প্রকাশ্যে প্রচারিত হয়েছে।

লেখক : সার্টিফাইড অ্যান্টি-মানিলন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার। টরন্টো, কানাডা

Nironjankumar_roy@yahoo.com