পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে নৌকা ডুবে অন্তত ৩৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, ভূমধ্যসাগরে গ্রিসের ক্রিট দ্বীপের অদূরে ভাসতে থাকা একটি নৌকা থেকে ১২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করেছে গ্রিসের কোস্ট গার্ড। তাদের কীভাবে মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।
সেনেগাল প্রেস এজেন্সির বরাতে বিবিসি এক প্রতিবেদনে জানায়, ছোট একটি কাঠের নৌকা সেনেগালের রাজধানী ডাকার ও উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইয়ের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় ডুবে যায়। নৌকাটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে যাচ্ছিল। সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো কতজন নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্পেনভিত্তিক অভিবাসনপ্রত্যাশীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ওয়াকিং বর্ডার্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আটলান্টিক মহাসাগর পেরিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। গ্রিসের কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা ক্রিটের কালোই লিমেনেস বন্দর থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে একটি নৌকা থেকে ১২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করেছে। নৌকাটি থেকে আরও ১৮ অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়।