কন্যার ভবিষ্যৎ সুরক্ষায় ১ হাজার বৃক্ষরোপণ

সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রত্যেক মা-বাবাই নানা স্বপ্ন দেখেন। কেউ সন্তানের জন্য গড়ে তোলেন সঞ্চয়, কেউ রেখে যান সম্পদ। তবে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন আলোকচিত্রী ও পরিবেশকর্মী এস এম আরিফুল আমিন প্লাবন। নিজের কন্যাসন্তানের জন্য একে একে এক হাজার বৃক্ষরোপণ করেছেন তিনি।

প্লাবনের এই উদ্যোগের বিশেষত্ব হলো, তিনি তার কন্যাসন্তানকে কেন্দ্র করে ‘কার্বন নিউট্রাল বেবি’ বা কার্বন-নিরপেক্ষ শিশুর ধারণাকে সামনে এনেছেন। সন্তানের জন্ম ও বেড়ে ওঠার সঙ্গে পরিবেশের কার্বন নিঃসরণ ও জলবায়ুর ওপর সম্ভাব্য প্রভাবের বিষয়টি বিবেচনায় নিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার চেষ্টা করছেন তিনি।

কার্বন নিউট্রাল বেবি ধারণাটি মূলত একটি প্রতীকী ও পরিবেশবান্ধব উদ্যোগ। এর উদ্দেশ্য হলো শিশুর জীবনকে ঘিরে সৃষ্ট সম্ভাব্য কার্বন নিঃসরণের প্রভাব কমাতে বৃক্ষরোপণসহ বিভিন্ন পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করা। গাছ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। তবে কেবল নির্দিষ্ট সংখ্যক গাছ রোপণ করলেই একজন মানুষের পুরো জীবনের কার্বন নিঃসরণ সম্পূর্ণভাবে পুষিয়ে যায় এমন নিশ্চয়তা নেই। গাছের প্রজাতি, বৃদ্ধি, বেঁচে থাকা ও সংরক্ষণের ওপরও এর কার্যকারিতা নির্ভর করে।

বিশ্বে এ ধরনের উদ্যোগের উদাহরণও রয়েছে। ভারতের তামিলনাড়ুতে আদাভি (অধফধার) নামের এক শিশুকে ঘিরে তার পরিবারের প্রায় ছয় হাজার গাছ রোপণের উদ্যোগ আলোচনায় আসে। বাংলাদেশেও সাতক্ষীরার শিশু আয়ান খান রুহাবকে কেন্দ্র করে প্রায় ৫৮০টি গাছ রোপণের মাধ্যমে কার্বন-নিরপেক্ষ শিশুর ধারণা সামনে এসেছে।

এস এম আরিফুল আমিন প্লাবনের কাছে বৃক্ষরোপণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী রেখে যাওয়ার অঙ্গীকার। তার বিশ্বাস, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে প্রকৃতি সংরক্ষণে এগিয়ে এলে সম্মিলিতভাবে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

একজন আলোকচিত্রী হিসেবে ক্যামেরায় প্রকৃতি, পরিবেশ ও মানুষের জীবন তুলে ধরার পাশাপাশি বাস্তব জীবনেও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন প্লাবন। তার কন্যার জন্য এক হাজার বৃক্ষরোপণের উদ্যোগ সেই ভাবনারই প্রতিফলন।

সন্তানের জন্য এক হাজার গাছ রোপণের মধ্য দিয়ে তিনি যেন একটি বার্তাই দিতে চান, সন্তানের জন্য শুধু অর্থ-সম্পদ নয়, একটি নির্মল বাতাস, সবুজ প্রকৃতি ও নিরাপদ পৃথিবী রেখে যাওয়াও মা-বাবার গুরুত্বপূর্ণ দায়িত্ব।