সিরাজগঞ্জে শিক্ষা সফর

হাতে-কলমে গবাদিপশু ও হাঁস-মুরগির পরিচর্যা

বিশ্ববিদ্যালয়ের বন্দি জীবনের একঘেয়েমি ক্লাস, ল্যাব, অ্যাসাইনমেন্ট আর বইয়ের পাতার বাইরেও যে একটি বিশাল জগৎ রয়েছে, তা মনে করিয়ে দেয় শিক্ষা সফর। এটি কেবল আনন্দভ্রমণ নয়, বরং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানকে সমৃদ্ধ করার এক অনন্য উপায়। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্যারাসাইটোলজি বিভাগ আয়োজিত সিরাজগঞ্জ শিক্ষা সফর ছিল তেমনই আনন্দময় ও শিক্ষণীয় আয়োজন।

সেদিন ভোরের আলো ফোটার আগেই বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডের সামনে সারিবদ্ধ চারটি বাসে আমাদের যাত্রা শুরু হয়। এটিই ছিল বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম শিক্ষা সফর, তাই সবার মধ্যে ছিল আনন্দ-উচ্ছ্বাস। আমাদের সঙ্গে ছিলেন আমাদের  শ্রদ্ধেয় স্যার ম্যাডাম প্রফেসর ডক্টর বাবুল চন্দ্র রায়, প্রফেসর ডক্টর আব্দুল আলিম, প্রফেসর ডক্টর আনিসুজ্জামান, প্রফেসর ডক্টর অনিতা রানী ও প্রফেসর ডক্টর তাহসিন ফারজানা। বাস ক্যাম্পাস ছাড়তেই শুরু হয় নাচ-গানের আসর। মুক্তাগাছা ও মধুপুরের সবুজ-ছায়াঘেরা পথ পেরিয়ে টাঙ্গাইলে বাসেই সকালের নাস্তা করি। এরপর ঘাটাইল ও এলেঙ্গা পেরিয়ে পৌঁছাই যমুনা সেতুতে। জানালার বাইরে বিস্তীর্ণ জলরাশি, সবুজ গাছপালা, বাহারি ফুল ও দূরে ছুটে চলা রেললাইন মূহূর্তেই সবাইকে মুগ্ধ করে। সিরাজগঞ্জে পৌঁছে প্রথমে যাই উপজেলা প্রাণিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে। প্রায় ১.৩ একর জমিতে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি গবাদিপশু ও হাঁস-মুরগির চিকিৎসাসেবা এবং প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরপর শিয়ালকোলের মুরগির প্রজনন ও উন্নয়ন খামারে গিয়ে ফাউমি, সোনালি ও আরআইআর জাতের মুরগি পালন এবং খামার ব্যবস্থাপনা সম্পর্কে জানি। পরজীবী প্রতিরোধে লিটার শুকনা রাখা, তাপমাত্রা-আর্দ্রতা নিয়ন্ত্রণ ও জীবাণু মুক্তকরণের কৌশলও হাতে-কলমে শেখানো হয়। খামার থেকে প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থীকে একটি করে সেদ্ধ ডিম উপহার দেওয়া হয়। এরপর আমরা যাই কালিয়া হরিপুর জমিদারবাড়িতে। ঐতিহাসিক এ স্থাপনার পাশে গড়ে ওঠা ডেইরি ফার্মে হলস্টেইন ফ্রিসিয়ান, জার্সি ও দেশি জাতের গরু পালন করা হচ্ছে। সেখানে গরুর খাদ্য, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পরজীবী প্রতিরোধের ব্যবস্থাপনা দেখে শ্রেণিকক্ষে শেখা বিষয়গুলোর সঙ্গে বাস্তব অভিজ্ঞতার যোগসূত্র খুঁজে পাই। ফেরার পথে আমাদের অন্যতম আকর্ষণ ছিল চায়না বাঁধ। আঁকাবাঁকা বাঁধের দুই পাশে সারি সারি সাদা কাশফুল, শরতের নরম বাতাস আর দূরে যমুনার বিস্তীর্ণ জলরাশি মিলে তৈরি করেছিল অপূর্ব এক দৃশ্য। কাশফুলের দোল খাওয়া সৌন্দর্যে সবাই কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায়। কেউ ছবি তুলছিল, কেউ বন্ধুদের সঙ্গে গল্প করছিল, আবার কেউ নীরবে উপভোগ করছিল সেই অপরূপ প্রকৃতি।

দিনশেষে মনে হচ্ছিল সিরাজগঞ্জ সফর শুধু আনন্দভ্রমণ নয়, এটি ছিল শ্রেণিকক্ষের বাইরের এক জীবন্ত পাঠশালা। যমুনার সৌন্দর্য, সবুজ পথ, চায়না বাঁধ, সাদা কাশফুল, ইতিহাস ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা মিলিয়ে দিনটি হয়ে রইল বিশ্ববিদ্যালয় জীবনের এক স্মরণীয় অধ্যায়।

শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ, ভেটেরিনারি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়, ময়মনসিংহ