বাকৃবির উদ্ভাবন

নতুন ঝিঁঝি পোকায় দুর্ভাবনা

বাংলাদেশে প্রথমবারের মতো ‘ডান্ডুবিয়া অ্যানানডালেই বুলার্ড’ নামের সিকাডা বা ঝিঁঝি পোকার একটি প্রজাতির উপস্থিতি শনাক্ত করেছেন বাংলাদেশ, চীন ও ভারতের গবেষকরা। মাঠপর্যায়ে নমুনা সংগ্রহ, গঠনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ ও পরিবেশগত তথ্য পর্যালোচনার মাধ্যমে প্রজাতিটির পরিচয় নিশ্চিত করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের বিভিন্ন পরিস্থিতিতে প্রজাতিটির সম্ভাব্য বসবাসের উপযোগী এলাকার বিস্তৃতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে। তবে কৃষিতে এর প্রকৃত প্রভাব নির্ধারণে চলছে গবেষণা।

গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান এবং চীনের নর্থওয়েস্ট এ অ্যান্ড এফ বিশ্ববিদ্যালয়ের গবেষক কং ওয়েই। মাঠপর্যায়ে নমুনা সংগ্রহ ও পোকা শনাক্তকরণে যুক্ত ছিলেন ভারতীয় গবেষক বাবু সাদ্দাম ও বাকৃবির স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী শাহমত জাওয়াদ। এ সংক্রান্ত গবেষণাপত্রটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী ‘ইনসেক্টস’-এ প্রকাশিত হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে মিলেছে উপস্থিতি

গবেষণার জন্য ২০২৫ সালের ফেব্র“য়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঠ জরিপ চালিয়ে মোট ৬৩টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনাগুলো বাকৃবির কীটতত্ত্ব বিভাগের জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি রাস্তার বাতির নিচ থেকেও একটি স্ত্রী ঝিঁঝি পোকার নমুনা সংগ্রহ করা হয়।

জরিপে আম, লিচু, ড্রাগন ফল, পেয়ারা, আনারস, কলা, কাঁঠাল, লেবু ও কমলাসহ বিভিন্ন ফলের বাগানে প্রজাতিটির উপস্থিতি পাওয়া যায়। এ ছাড়া শাল, বাঁশ, সেগুন ও জারুলসহ বিভিন্ন গাছ এবং ঝোপঝাড়ে পূর্ণবয়স্ক ঝিঁঝিঁ পোকা ও এদের পরিত্যক্ত খোলস শনাক্ত করেন গবেষকেরা।

গঠনগত বিশ্লেষণে দেখা যায়, ‘ডান্ডুবিয়া অ্যানানডালেই’ সাধারণত ঘাসের মতো সবুজ রঙের হয়। জীবিত অবস্থায় সবুজ থাকলেও শুকিয়ে গেলে বাদামি রঙ ধারণ করে। বাহ্যিকভাবে ‘ডান্ডুবিয়া টার্পসিকোর’ প্রজাতির সঙ্গে এর সাদৃশ্য রয়েছে। তবে পুরুষ পোকার দেহের বিশেষ গঠন প্রজাতিটি শনাক্তের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

এর আগে বাংলাদেশে ‘ডান্ডুবিয়া’ গণের কেবল ‘ডান্ডুবিয়া এনসিফেরা’ প্রজাতির উপস্থিতি নথিভুক্ত ছিল। নতুন প্রজাতিটি শনাক্ত হওয়ায় দেশে এই গণের পরিচিত প্রজাতির তালিকায় আরও একটি নাম যুক্ত হলো।

মডেলে উঠে এসেছে সম্ভাব্য বিস্তৃতির চিত্র

প্রজাতিটির বর্তমান ও ভবিষ্যৎ বিস্তৃতি নির্ণয়ে গবেষকরা ‘ম্যাক্সএন্ট’ নামের প্রজাতির বিস্তৃতি নির্ধারণকারী মডেল ব্যবহার করেছেন। সংগৃহীত উপস্থিতির তথ্যের পাশাপাশি বৃষ্টিপাত, তাপমাত্রা, ভূমির উচ্চতা ও অন্যান্য পরিবেশগত উপাদান বিশ্লেষণ করে সম্ভাব্য উপযোগী আবাসস্থল চিহ্নিত করা হয়েছে।

গবেষণার ফলাফল অনুযায়ী, প্রজাতিটির

বিস্তৃতিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে বৃষ্টিপাত। বিশেষ করে বছরের উষ্ণ সময়ে বৃষ্টিপাতের তারতম্য এর বসবাসের উপযোগী এলাকার পরিবর্তন ঘটাতে পারে। ভূমির উচ্চতা ও তাপমাত্রাও গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে।

গবেষকদের হিসাবে, বর্তমানে গবেষণার আওতাভুক্ত প্রায় ৮ লাখ ৬১ হাজার বর্গকিলোমিটার এলাকা প্রজাতিটির বসবাসের উপযোগী। এর মধ্যে প্রায় ৩ লাখ বর্গকিলোমিটার অত্যন্ত উপযোগী এবং ১ লাখ ৭৯ হাজার বর্গকিলোমিটার মাঝারি উপযোগী হিসেবে চিহ্নিত হয়েছে।

জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, বৈশ্বিক উষ্ণতা তুলনামূলক কম বাড়লে ২০৬০ সালের মধ্যে উপযোগী আবাসস্থল প্রায় ১৭ লাখ ৫২ হাজার বর্গকিলোমিটারে পৌঁছাতে পারে। শতাব্দীর শেষ নাগাদ তা বেড়ে প্রায় ১৯ লাখ ৪০ হাজার বর্গকিলোমিটার হতে পারে।

অন্যদিকে বৈশি^ক উষ্ণতা অনেক বেশি বাড়লে শতাব্দীর মাঝামাঝি সময়ে উপযোগী আবাসস্থল সাময়িকভাবে সংকুচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী সময়ে তা সম্প্রসারিত হয়ে ২১০০ সালের মধ্যে প্রায় ২৬ লাখ ৩০ হাজার বর্গকিলোমিটারে পৌঁছাতে পারে।

কৃষিতে প্রভাব জানতে প্রয়োজন আরও গবেষণা

ঝিঁঝি পোকা অপরিণত অবস্থায় মূলত উদ্ভিদের জাইলেম বা পানি ও খনিজ পদার্থ পরিবহনকারী কলার রস গ্রহণ করে। বিভিন্ন প্রজাতির ঝিঁঝি পোকা গাছ ও ফসলের ক্ষতি করতে সক্ষম হলেও বাংলাদেশে নতুন শনাক্ত ‘ডান্ডুবিয়া অ্যানানডালেই’ কৃষিতে বর্তমানে কী মাত্রায় প্রভাব ফেলছে, তা এ গবেষণায় নির্ধারণ করা হয়নি।

বাকৃবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান বলেন, দেশের বিভিন্ন ফলের বাগানে ঝিঁঝি পোকার উপস্থিতি রয়েছে। বিশেষ করে গ্রীষ্মকালে আম পরিপক্ব হওয়ার সময় গাছের আশপাশে এদের প্রজননকালীন তীব্র শব্দ শোনা যায়। এর মাধ্যমে আমবাগানে ঝিঁঝি পোকার উপস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

তিনি জানান, দেশের পাহাড়ি অঞ্চলে বাণিজ্যিকভাবে বিভিন্ন ফলের চাষ সম্প্রসারিত হচ্ছে। ম্যাক্সএন্ট মডেল অনুযায়ী, এসব অঞ্চলের কিছু এলাকা ঝিঁঝি পোকার সম্ভাব্য বিস্তৃতির আওতায় রয়েছে। তবে বাণিজ্যিক ফলবাগানে পোকাটি কী ধরনের প্রভাব ফেলছে, বিশেষ করে ফসলের উৎপাদন ও গাছের স্বাভাবিক বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব রয়েছে কি না, সে বিষয়ে পর্যাপ্ত গবেষণা হয়নি।

অধ্যাপক মঞ্জুর খানের মতে, শুধু নতুন প্রজাতির উপস্থিতি শনাক্ত করাই যথেষ্ট নয়। এর বিস্তৃতি, জীবনচক্র, খাদ্যাভ্যাস ও কৃষিতে সম্ভাব্য ক্ষতির মাত্রা নির্ধারণ করাও জরুরি। পোকাটি অর্থনৈতিকভাবে ক্ষতিকর প্রমাণিত হলে কার্যকর ব্যবস্থাপনা কৌশল উদ্ভাবন করতে হবে।

তিনি আরও বলেন, সম্ভাব্য কৃষি ঝুঁকি মূল্যায়নে দীর্ঘমেয়াদি মাঠপর্যায়ের গবেষণা প্রয়োজন। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের বাণিজ্যিক ফলবাগানে প্রজাতিটির উপস্থিতি, ক্ষতির মাত্রা ও ব্যবস্থাপনা পদ্ধতি নির্ধারণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং অর্থায়নকারী সংস্থাগুলোর সহযোগিতা প্রয়োজন।

গবেষকদের মতে, ম্যাক্সএন্ট মডেলে উপযোগী আবাসস্থলের সম্প্রসারণের পূর্বাভাস মানেই বাস্তবে পোকাটির বিস্তার বা কৃষিতে ক্ষতি বৃদ্ধি নিশ্চিত নয়। ধারাবাহিক মাঠপর্যায়ের পর্যবেক্ষণ ও দীর্ঘমেয়াদি গবেষণার মাধ্যমে প্রজাতিটির প্রকৃত বিস্তৃতি এবং কৃষিতে প্রভাব নির্ধারণ করা সম্ভব হবে। এতে ভবিষ্যতে অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি চিহ্নিত হলে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ তৈরি হবে।

শিক্ষার্থী, তৃতীয় বর্ষ, ভেটেরিনারি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ