হাসিনা পাসপোর্ট চেয়েছেন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের জন্য নতুন পাসপোর্ট চেয়েছেন এবং এনআইডি নিয়মিত করার জন্য আবেদন করেছেন এমন খবরে গতকাল সোমবার থেকে রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে তোলপাড় চলছে।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের মাধ্যমে গতকাল বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ অনেকে সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্ট ও এনআইডি পাওয়ার উপযোগিতা, প্রক্রিয়া এবং উদ্দেশ্য নিয়ে মন্তব্য করেছেন।

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার প্রসঙ্গটি রাজনৈতিক, আইনি এবং প্রক্রিয়াগত এমন তিনটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ আছে। এর মধ্যে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিষয়টির আইনি ও প্রক্রিয়াগত যথার্থতার দিকটি সামনে আছেন। বিশ্লেষকরা মনে করেন, দৃশ্যত এ ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও শেখ হাসিনা এ দুটি পক্ষ দেখা গেলেও বাস্তবে রাষ্ট্র হিসেবে রাজনৈতিক দিক থেকে ভারতও একটি পক্ষ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল এ বিষয়ে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের সত্যতা ও তার আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে। ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি, পলাতক দ-িত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে।’

ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার দেশটিকে চিঠি দিয়েছে, এমনটি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদনের আইনগত ভিত্তি কী আছে, আসলেই আবেদন সঠিকভাবে করা হয়েছে কি না, আবেদন করার অধিকার আছে কি না, ইত্যাদি খুঁটিনাটি আইনকানুন সব দেখে পদক্ষেপ নেওয়া হবে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করা হয়েছে। যুক্তরাজ্যের আইন পরামর্শক সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স গতকাল সোমবার হাইকমিশনকে ইমেইলে সংযুক্ত করা এক চিঠিতে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার আবেদনের কথা জানায়।

ম্যাট্রিক্স চেম্বার্স-এর স্টিভেন পলেস কেসি স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, বাংলাদেশের প্রযোজ্য আইন এবং আন্তর্জাতিক মানবাধিকারের সংশ্লিষ্ট বিধানের আওতায় নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য এ অনুরোধ করা হয়েছে।

গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। তার আগে প্রধানমন্ত্রী হিসেবে তিনি ‘লাল পাসপোর্ট’ নামে পরিচিত ‘কূটনৈতিক পাসপোর্ট’ আন্তর্জাতিক ভ্রমণে ব্যবহার করতেন। ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন, এমন ব্যক্তিদের জন্য ইস্যু করা লাল পাসপোর্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাতিল করেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্টের আবেদনকে ‘চরম হাস্যকর’ অভিহিত করে বলেন, তিনি (শেখ হাসিনার) পালিয়ে গেছেন। এখন নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে চান। তবে সেটার সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে।

দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকার বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি (শেখ হাসিনার) ভারত সরকারকে বলুন সেই চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে। তিনি এসে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করুন।’

প্রতিমন্ত্রী বলেন, পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থার আবেদনের ভিত্তি আইনগতভাবে, নীতিগত ও নৈতিক দিক থেকে দুর্বল, এমন দাবি করে হুমায়ুন কবির বলেন, যেকোনো ল’ ফার্মেরই জানা উচিত তাদের ক্লায়েন্ট (মক্কেল) আসলে কে। তাদের এই ক্লায়েন্ট এমন একজন ব্যক্তি, যিনি দেড় হাজারের বেশি মানুষ হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়েছেন। একজন পলাতক সন্ত্রাসীর পক্ষে এমন অনৈতিক প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে ল’ ফার্মটিকে লজ্জিত করবে বলে তিনি উল্লেখ করেন।

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান গতকাল বিবিসিকে বলেন, শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য সরাসরি কোনো আবেদন করেননি।

হাইকমিশনকে পাঠানো আবেদনটি ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ, এমন দাবি করে তিনি বলেন, ম্যাট্রিক্স চেম্বার্স একটি আবেদনপত্র জমা দিয়েছে। তবে এটি প্রকৃতপক্ষে শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে কি না, এর সপক্ষে কোনো সুনির্দিষ্ট বা নির্ভরযোগ্য প্রমাণ (অথরাইজেশন) উপস্থাপন করা হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তিনি এর আগে দিল্লিভিত্তিক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছে প্রকাশ করেন।

তবে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে এসব তৎপরতা ‘পলিটিক্যাল স্টান্টবাজি’ বলে গতকাল মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শেখ হাসিনা দেশে ফিরবেন না, নিজের এমন ধারণার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি এক কথায় বলব, শেখ হাসিনা এখন যা করছেন এগুলো ভিত্তিহীন বক্তব্য এবং পলিটিক্যাল স্টান্টবাজি। সি উইল নট কামব্যাক।’

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ব্যাপক হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত বছরের ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদ-াদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকেও মৃত্যুদ- দেওয়া হয়। অপর এক আসামি ও মামলার ‘রাজসাক্ষী’ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছর কারাদ- দেয় ট্রাইব্যুনাল।

সরকারের একজন আইন বিশেষজ্ঞ দেশ রূপান্তরকে বলেন, তিনি মনে করেন, ম্যাট্রিক্স চেম্বার্স সম্ভবত শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে আইনি বিতর্কের ভিত্তি প্রস্তুত করতে এ চিঠিটি দিয়েছে।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক বিশ্লেষকরা বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় কাউকে ফেরত পাঠাতে পাসপোর্টের প্রয়োজন হয় না। চুক্তির আওতায় পাঠাতে হবে, এমন ব্যক্তি যে দেশে অবস্থান করেন, সে দেশের সরকার তাকে ‘আটক করে’ প্রত্যাশী দেশের নির্দিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। একই প্রক্রিয়ায় আসামের উলফা নেতা অনুপ চেটিয়াকে শেখ হাসিনার সরকার ২০১৫ সালে সমঝোতার ভিত্তিতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

শেখ হাসিনাকে ভারত সরকার একই প্রক্রিয়ায় বাংলাদেশের কাছে হস্তান্তর করার সম্ভাবনা খুব কম বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলেন, শেখ হাসিনাকে ভারতে থাকতে দেওয়ার বিষয়ে নরেন্দ্র মোদির সরকার ও সেখানকার অধিকাংশ প্রধান রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য রয়েছে। তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে হস্তান্তর করা হলে তা আশপাশের দেশগুলোয় ভারতের ‘বন্ধুদের’ কাছে ‘ভুল’ বার্তা যাবে।

ভারতীয় কূটনীতিকরা মনে করেন, শেখ হাসিনাকে হস্তান্তরের প্রক্রিয়াটি কেবল সেখানকার দেশটির সরকারের ‘রাজনৈতিক সিদ্ধান্তের’ বিষয় নয়; এর সঙ্গে সুনির্দিষ্ট ‘আইনি’ ও ‘বিচারিক’ বাধ্যবাধকতা জড়িয়ে রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এর আগে দিল্লির গণমাধ্যমকে জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পেতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনাধীন রয়েছে। প্রচলিত আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি সম্পূর্ণ ‘আইনি বিষয়’ হিসেবে ভারত সরকার দেখছে।