সিরাজগঞ্জ সরকারি কলেজ ফটকে ছাত্রলীগের ব্যানার, ৪ ঘণ্টা অবরুদ্ধ অধ্যক্ষ

সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার টানানো ও স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মহীদুল হাসানকে প্রায় ৪ ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (৯ নভেম্বর) এই ঘটনা ঘটে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কলেজ ক্যাম্পাসে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান ও স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্যসচিব মিলন হক রঞ্জু।

ছাত্রদল নেতাদের অভিযোগ, অধ্যক্ষের সঙ্গে গোপন আঁতাতের কারণেই ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজে এমন কর্মকাণ্ড করার সাহস পেয়েছেন।

তবে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহিদুল হাসান বলেন, পরীক্ষা চলাকালে কলেজের ফটক বন্ধ থাকার সুযোগে কে বা কারা ফটকে ব্যানার টানিয়ে তালা দিয়ে চলে গেছে। সিসিটিভির ভিডিও পর্যালোচনা করা হচ্ছে।