ইরান যুদ্ধ, সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলাসহ বিভিন্ন কর্মকাণ্ডে আইন লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদ থেকে অপসারণের আহ্বান জানিয়েছেন বিদায়ী রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি।
সোমবার (৯ নভেম্বর) প্রতিনিধি পরিষদের অধিবেশন শুরুর পর হেগসেথের বিরুদ্ধে আটটি অভিযোগসংবলিত প্রস্তাব উত্থাপন করেন কেনটাকির বিদায়ী এই আইনপ্রণেতা। এ সময় তিনি অভিযোগ করেন, হেগসেথ বেআইনি সামরিক নির্দেশ বাস্তবায়ন করেছেন এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের জন্য হুমকি তৈরি করেছেন।
এক সংবাদ সম্মেলনে ম্যাসি বলেন, হেগসেথকে অপসারণের পক্ষে যেসব আইনপ্রণেতা ভোট দিতে চান, তাঁদের সবাইকে তিনি স্বাগত জানাবেন। এমনকি কেউ তাঁর উত্থাপিত প্রস্তাবের বিস্তারিত না পড়েও ভোট দিলে তাতেও আপত্তি নেই তাঁর।
ম্যাসি বলেন, 'আমি বুঝতে পারছি, তাঁদের কেউ কেউ হয়তো শুধু হেগসেথকে বিদায় করতে চান বলেই এই প্রস্তাবের পক্ষে ভোট দেবেন। তাঁদের সেই ভোটকেও আমি স্বাগত জানাই।'
জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই হেগসেথকে পদত্যাগের আহ্বান জানান তিনি। ম্যাসির আশঙ্কা, নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার পর প্রতিরক্ষা দপ্তরের কার্যক্রম এবং হেগসেথের নেতৃত্ব নিয়ে তদন্ত শুরু হবে। এতে প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও সাক্ষ্য দিতে হতে পারে।
তবে নিজের অবস্থানে অনড় রয়েছেন হেগসেথ। কংগ্রেসে নিজের কর্মকাণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরার সুযোগকে তিনি স্বাগত জানিয়েছেন।
সোমবার সাংবাদিকদের তিনি বলেন, 'অনেকেই রাজনৈতিক উদ্দেশ্য থেকে এসব করছেন। তাঁদের হয়তো নীতিগত বিষয়ে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। কিন্তু তাঁদের আপত্তি আসলে আমাদের সাফল্য নিয়েই।'
ম্যাসির উত্থাপিত অভিশংসন প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে হেগসেথ যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করেছেন। দেশটির ওয়ার পাওয়ারস রেজল্যুশন অনুযায়ী, এ ধরনের সামরিক অভিযানের ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।
প্রস্তাবে আরও অভিযোগ করা হয়েছে, হেগসেথ এমন এক সামরিক সংস্কৃতি গড়ে তুলেছেন, যেখানে যুদ্ধের নিয়মকানুন ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টি উপেক্ষা করা হয়েছে।
এ ক্ষেত্রে ইরানের মিনাব শহরের একটি স্কুলে যুক্তরাষ্ট্রের বোমা হামলার ঘটনা উল্লেখ করেছেন ম্যাসি। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের প্রথম দিকে ওই হামলায় ১৫০ জনের বেশি মানুষ নিহত হন, যাঁদের মধ্যে প্রায় ১২০ জনই শিশু বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া হেগসেথের বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ, পেন্টাগনে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করে মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করা এবং ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে বেআইনি যুদ্ধ পরিচালনা।