আজ ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে পাকিস্তানের লাহোর, স্কোর ২৮৬। অন্যদিকে আজ ঢাকার বায়ু ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং দূষিত বায়ুর শহরের তালিকায় সপ্তম স্থানে রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে। 

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৪১ স্কোর নিয়ে তালিকার সপ্তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। একই সময়ে তালিকায় শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর শহরের বায়ুমানের স্কোর ২৮৬। এ ছাড়া, ২২৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৯৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা, ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের শহর কলকাতা আর পঞ্চম অবস্থানে থাকা উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের স্কোর ১৫৩।