গাজীপুরে রাতে কাভার্ডভ্যান ও সকালে বাসে আগুন

গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১টার দিকে চন্দ্রা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। তার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে হোতাপাড়ায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা৷ 

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবুল সায়েম মাসুম জানান, হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে ভোরে দুবৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আবার সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে জেলার কালিয়াকৈরের চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানেও আগুন দেওয়া হয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, চন্দ্রা ত্রিমোড়ের অদূরে একটি কাভার্ডভ্যানে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রা ত্রিমোড়ের কাজলী ফার্ম এলাকায় আজমেরি গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা।