নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ ৭৭ জন রোগী বেলা ১১টা পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পৌঁছেছেন। ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মো. রবিউল করিম খান মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের জানান, ৬৩ জনকে ভর্তি রেখে মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
তিনি চিকিৎসাধীন দগ্ধদের শারীরিক অবস্থা সম্পর্কে আরও জানান, ‘তাদের মধ্যে ৪ জন খুবই ক্রিটিকাল। ৪ জনের মধ্যে একজন লাইফ সাপোর্টে। ধোঁয়ায় তাদের শ্বাসনালী পুড়ে গেছে। এরা হলেন, ইউসুফ, খাইরুল, জুবায়ের ও ইউসুফ নামে আরও এক শিক্ষার্থী।’
সোমবার (৯ নভেম্বর) রাত দেড়টার দিকে ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অবস্থিত ‘জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসা’র দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের ৩টি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ৩টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নির্বাপিত হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, মাদ্রাসার পঞ্চম তলা ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি ও অফিস কক্ষে আগুন লাগে।
জামিয়া আশরাফিয়া মাদ্রাসাটির শিক্ষক আজিজুর রহমান জানান, ফতুল্লার শান্তিধারা এলাকায় মাদ্রাসাটির অবস্থান। রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন এর লাইব্রেরিতে আগুন লাগে। এরপর ধোঁয়া ছড়িয়ে পড়লে সেখানের সবাই অসুস্থ হয়ে পড়েন।
ফায়ার সার্ভিস ও বার্ন ইনস্টিটিউট যৌথভাবে আহতদের উদ্ধার ও চিকিৎসার কার্যক্রম তদারকি করছে।