সাভারে স্কুলের সামনে ব্যাগে মিলল ৩ হাতবোমা

সাভারে একটি স্কুলের ফটকের পাশে পড়ে থাকা ব্যাগে অন্তত তিনটি হাতবোমার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করে ব্যাগটি ঘিরে রেখেছে পুলিশ। বোমাগুলো নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটকের পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরে হাতবোমা দেখতে পায়। ঘটনাস্থল থেকে সাভার মডেল থানার দূরত্ব প্রায় ১২০ থেকে ১৫০ মিটার।  

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, জননিরাপত্তার স্বার্থে ককটেল থাকা স্থানটি ঘিরে রাখা হয়েছে। ব্যাগে ঠিক কতটি ককটেল রয়েছে, তা তাৎক্ষণিকভাবে গণনা করা সম্ভব হয়নি। তবে দূর থেকে অন্তত তিনটি ককটেল স্পষ্ট দেখা যাচ্ছে। ব্যাগের ভেতরে আরও ককটেল থাকতে পারে।

তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জরুরি ভিত্তিতে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছানোর পর ব্যাগ খুলে ককটেলগুলোর ধরন ও সংখ্যা নিশ্চিত করা হবে। এরপর সেগুলো নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে।

ওসি জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে।