ফেনীর ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দিল ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত ছাত্র ধর্মঘট সফল হোক, স্বার্থক হোক’ লিখে ফেনীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে রাতের আঁধারে তালা দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। 

প্রতিষ্ঠানগুলো হলো, ফেনী সরকারি কলেজ, ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও ফেনী গিরীশ অক্ষয় একাডেমি (জিএ একাডেমি)। তবে এ ঘটনায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে ফেনী মডেল থানা পুলিশ। এ ঘটনার প্রতিবাদে ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ করেছে ছাত্রদল।

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তালা দেওয়ার ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরিহিত কয়েকজন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান ফটকে তালা লাগিয়ে কয়েকটি ছাপানো কাগজ সাঁটিয়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করছেন। কাগজে লিখা ছিল- ‘বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত ছাত্র ধর্মঘট সফল হোক, স্বার্থক হোক’। এর নিচে লিখা ছিল- ‘ফেনী জেলা ছাত্রলীগ।

ভিডিওতে ফেনী সরকারি কলেজের প্রধান ফটকে দুই ব্যক্তিকে একটি চেইন দিয়ে তালা লাগাতে দেখা যায়। একইভাবে ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকেও তালা দেওয়ার দৃশ্য দেখা গেছে। এ ছাড়া শহরের ফেনী গিরীশ অক্ষয় একাডেমিতেও তালা দেওয়ার চিত্র দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, তালা লাগানোর বিষয়টি অবগত নই। সকালে কলেজের কার্যক্রম শুরু হওয়ার সময় প্রধান ফটকে এমন কিছু ছিল না। কলেজের কোনো শিক্ষক বা কর্মচারী বিষয়টি আমাদের জানাননি। তবে এ ধরনের অনাকাক্সিক্ষত কর্মকাণ্ডের বিষয়ে কলেজ প্রশাসন সচেতন রয়েছে। অনৈতিক কোনো কার্যক্রম চোখে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হবে।

ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জাহেদুল কবির বলেন, বিষয়টি ইতোমধ্যে আমাদের নজরে এসেছে। সকালে দায়িত্বে থাকা ব্যক্তি আমাদের জানিয়েছেন, প্রতিষ্ঠানের ফটকে তালা দেওয়া এবং কাগজে কিছু লিখে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। পরে পুলিশ এসে তথ্য নিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়ে আমরা সচেতন রয়েছি এবং বিষয়টি নজরদারিতে রাখছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ফটকের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে।

একই প্রসঙ্গে ফেনী গিরীশ অক্ষয় একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহানা আক্তার বলেন, সকালে স্কুলের কার্যক্রম শুরু হওয়ার সময় এ ধরনের কিছু আমরা দেখতে পাইনি। সন্ধ্যার পর এক প্রাক্তন শিক্ষার্থীর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে বিষয়টি জানতে পারি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখে বিষয়টি আমাদের নজরে এসেছে। কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুলিশের কাছে এ ঘটনায় অভিযোগ করা হয়নি। বিষয়টি অবগত হয়ে ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। তবে সেখানে কোনো আলামত পাওয়া যায়নি। এ ধরনের ঘটনা এড়াতে আমাদের গোয়েন্দা তৎপরতা রয়েছে।