পদ্মা সেতুতে রাতে ছাত্রলীগের সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরের পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোলপ্লাজা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে ব্লকেড করার চেষ্টা চালায়। এসময় বৈঠা হাতে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মিছিল করতে দেখা যায়। মিছিলের সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসময় বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যায়।

সোমবার (৯ অক্টোবর) গভীর রাতে বিক্ষোভের সময় পদ্মা সেতুতে একঘন্টা  গাড়ি চলাচল বন্ধ ছিল। এসময় পদ্মা সেতু ও ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ৭০০ থেকে ৮০০ জন নাওডোবা এলাকায় জড়ো হন। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মী ও সমর্থকেরা ছিলেন। একপর্যায়ে তারা লগি–বৈঠা হাতে টোল প্লাজার সামনে এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সড়কে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকও ভাঙচুর করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বিক্ষোভের কারণে দক্ষিণ–পশ্চিমাঞ্চল থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে দক্ষিণ–পশ্চিমাঞ্চলগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পদ্মা সেতু দক্ষিণ থানা, শিবচর হাইওয়ে থানা ও জেলা পুলিশের সদস্যরা নেতা–কর্মীদের সরিয়ে দেন। পুলিশ জানায়, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

এদিকে, খবর পেয়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সড়কে নেমে প্রতিবাদ জানায়।

পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, গভীররাতে যারা আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটিয়েছে  ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান বলেন, অতিরিক্ত পুলিশ, পদ্মা সেতু দক্ষিণ থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতা–কর্মীদের সরিয়ে দেন।

উল্লেখ্য, ফেসবুকে আজ ১০ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল নিষিদ্ধ ছাত্রলীগ। এ কর্মসূচিকে কেন্দ্র করে আগের দিন থেকেই শরীয়তপুরের বিভিন্ন এলাকায় নেতা–কর্মীদের জড়ো হওয়ার তথ্য ছড়িয়ে পড়ে। পুলিশ গতকাল সন্ধ্যায় নাওডোবা এলাকায় অভিযান চালায়। একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়।