সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষ ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি কয়েক দিন ধরে নদীতে ভাসমান ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জামির্তা ইউনিয়নের সুদক্ষিরা এলাকায় আকিজ মাদ্রাসাসংলগ্ন ধলেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্থানীয়রা ধলেশ্বরী নদীতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সিংগাইর থানা-পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া ব্যক্তি প্রায় ৪০ বছর বয়সী। মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছিল কি না, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

জামির্তা ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্বাস উদ্দিন বলেন, সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি ফোন করে তাকে ধলেশ্বরী নদীতে একটি মরদেহ ভাসতে দেখার বিষয়টি জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত হয়ে সিংগাইর থানা-পুলিশকে অবহিত করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।