রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ককটেল বিস্ফোরণের সময় এবং বিভিন্ন চেকপোস্টে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে সংগঠনটির অর্থায়নে নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত কয়েকজন ব্যক্তিও রয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে মঙ্গলবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টার অভিযোগে ৩৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। ককটেল বিস্ফোরণের সময় এবং বিভিন্ন চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ছাড়া অন্যান্য অপরাধের ঘটনায়ও গ্রেপ্তার রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত কি না, জানতে চাইলে আকতার হোসেন বলেন, সবার বিষয়ে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে তাঁদের অধিকাংশই নিষিদ্ধ সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত অথবা সংগঠনটির নিয়োগ করা ব্যক্তি।
তিনি আরও বলেন, সংগঠনটির অর্থায়নে এসব ব্যক্তিকে দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড করানো হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।