ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেনের বিরুদ্ধে নিয়মিত অফিসে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে।
কর্মকর্তা কর্মস্থলে না থাকায় উপজেলার বিভিন্ন প্রাথমিক সমবায় সমিতির সদস্য ও সাধারণ সেবাগ্রহীতারা দিনের পর দিন ঘুরেও কাঙ্খিত সেবা পাচ্ছেন না। এতে স্থানীয় সমবায় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সেবাগ্রহীতাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাছাড়া সমবায় সমিতিগুলো সেভাবে কাযর্ক্রম পরিচালনা করছেন না।
নিয়মিত না থাকার বিষয়ে গত সোমবার বেলা ১১টায় উপজেলা সমবায় দপ্তরে গিয়ে দেখা যায়, তার কার্যালয়টি তালা খোলা, দরজার পাল্লা দুটো আটকানো। একইভাবে মঙ্গলবার একই সময়ে গিয়ে দেখা যায়, দরজার পাল্লা দুটো একইভাবে আটকানে। এ সময় সমবায় দপ্তরের সহকারী পরির্দশক মনা মন্ডল ও অফিস সহায়ক জয়নাল আবেদিনকে কর্মকর্তার বিষয়ে প্রশ্ন করা হলে তারা বলেন, তিনি আসেননি তবে আসবেন। কখন আসবেন তা নির্দিষ্ট বলা যাবে না।
স্থানীয় একাধিক সমবায়ী ও সেবাগ্রহিতা ক্ষুদ্র বাশবাড়ী এলাকার নুর ইসলাম, ভান্ডারা এলাকার মোবারক আলীসহ অনেকে অভিযোগ করে বলেন, সমবায় কর্মকর্তা আহমেদ হোসেন সপ্তাহের অধিকাংশ দিনই কার্যালয়ে উপস্থিত থাকেন না। মাঝেমধ্যে অফিসে এলেও কিছু সময় অবস্থান করে আবার চলে যান। তারা বেশ কয়েকদিন ঘুরেও তার দেখা পাননি বলে অভিযোগ করেন। সমবায় কর্মকর্তা কর্মস্থলে উপস্থিত না থাকার ফলে নতুন সমবায় সমিতির নিবন্ধন, বার্ষিক অডিট, নির্বাচন এবং সরকারি জরুরি দাপ্তরিক কাজগুলো ব্যাহত হচ্ছে।
সেবা নিতে আসা কয়েকজন সমবায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা দূর-দূরান্ত থেকে ভাড়ার টাকা খরচ করে অফিসে আসি। কিন্তু এসে শুনি তিনি নেই। অফিসের পিয়ন বা সহকারীরাও বলতে পারেন না তিনি কখন আসবেন বা কেন আসেননি। একজন কর্মকর্তার এমন আচরণের কারণে আমাদের এলাকায় সমবায় সমিতি গঠন হচ্ছে কম। যেগুলো ইতিমধ্যে গঠন হয়েছে সেগুলো বেশির ভাগই কাগজ কলমে। সমবায় দিবসের দিন গত রবিবার মানুষজনের উপস্থিতি না থাকায় তার বড় উদাহারণ।
নিয়মিত অফিসে না থাকার বিষয়ে জানতে উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেনের বলেন, আমি রাতোর আছি। তবে অফিসে আসেননি উত্তরে আবারও বলেন রাতোরে আছি।
জানা গেছে তিনি জেলা শহর ঠাকুরগাঁও দিয়ে রাণীশংকৈলে আসেন। এ সময় রাতোর অতিক্রম করেই তাকে আসতে হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেছেন, শুনেছি তিনি অতিরিক্ত দায়িত্ব সদরে পালন করেন। তবে পর পর দুই দিন অফিসে কেন আসেননি তা নিয়ে খোঁজ নেওয়া হবে।
জেলা সমবায়ের সহকারী নিবন্ধক ইনামজ্জামান জানান, আহমেদ হোসেনের মুল অফিস রাণীশংকৈল সেখানে পর পর দুই দিন অফিসে না থাকা বিষয়টি খতিয়ে দেখা হবে।