হবিগঞ্জের মাধবপুরে এক রাতেই পৃথক দুই স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিক্ষোভ মিছিল করেছে মাধবপুর পৌর ছাত্রদল।
সোমবার (৯ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া ও বেজুরার মধ্যবর্তী স্থানে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে একটি মশাল মিছিল বের করা হয়। একই সময় আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর থেকে মাধবপুর পৌরসভার অংশের সড়কেও যুবলীগের আরেকটি মিছিল অনুষ্ঠিত হয়।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মেধা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন মাধবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, যুগ্ম আহ্বায়ক আফজাল পাঠান, জসিম শিকদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এহসান আহমেদ সেজান, জুয়েল আহমেদ সাব্বির, মো. ইমন খান, ইমরান আহমেদ দীপু ও স্বেচ্ছাসেবক দল নেতা রনি আহমেদ প্রমুখ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন যাতে কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।