এক যুগের আইনি লড়াই শেষে ভবনের দখল পেল বেসিক ব্যাংক

দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের আইনি লড়াই শেষে রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ের জন্য কেনা ভবনের দখল বুঝে পেয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসি। 

আদালতের চূড়ান্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ নভেম্বর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ভবনটির দখল বুঝে নেয় ব্যাংক কর্তৃপক্ষ। 

ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম শেষে ব্যাংকের কাছে ভবনটি হস্তান্তর করেন।

বেসিক ব্যাংক সূত্রে জানা গেছে, ভবনটির অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করে সেখানে প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে। নিজস্ব ভবনে প্রধান কার্যালয় স্থানান্তর করা সম্ভব হলে ব্যাংকের পরিচালন ব্যয়ও কমবে।

দখল হস্তান্তরের সময় বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল, উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাসসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল বলেন, দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের মাধ্যমে ব্যাংকের জন্য কেনা ভবনটির বর্তমান অবস্থায় দখল বুঝে পাওয়া গেছে। এ জন্য আমরা আদালতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবনের অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। এরপর সেখানে ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে ব্যাংকের আর্থিক সাশ্রয় হবে।

ব্যাংক সূত্রে জানা গেছে, প্রধান কার্যালয়ের জন্য নিজস্ব ভবন নির্মাণ ও ক্রয়ের লক্ষ্যে ২০১০ সালে জমির মালিক সিঙ্কু আকরামুজ্জামানের মালিকানাধীন নির্মাতা প্রতিষ্ঠান বিজনেস রিসোর্সেস লিমিটেডের সঙ্গে চুক্তি করে বেসিক ব্যাংক। চুক্তি অনুযায়ী, ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ভবন নির্মাণ শেষ করে ব্যবহার উপযোগী অবস্থায় মালিকানা দলিলসহ ব্যাংকের কাছে হস্তান্তরের কথা ছিল। ভবনটির নিচতলা থেকে ১২তলা পর্যন্ত মোট ৫১ হাজার ৫০০ বর্গফুট জায়গা ব্যাংকের জন্য নির্ধারণ করা হয়।

তবে নির্ধারিত সময় পার হলেও ভবনটি ব্যাংকের কাছে হস্তান্তর করেনি নির্মাতা প্রতিষ্ঠান। এতে দীর্ঘদিন ধরে আটকে থাকে ব্যাংকের নিজস্ব ভবন ব্যবহারের পরিকল্পনা। একপর্যায়ে ব্যাংকের সম্পদ ও আইনগত অধিকার রক্ষায় আদালতের শরণাপন্ন হয় বেসিক ব্যাংক। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মামলায় ব্যাংকের পক্ষে রায় ও আদেশ আসে।

সর্বশেষ বেসিক ব্যাংকের টাইটেল এক্সিকিউশন মামলা নম্বর ৬৯/২০২৬-এর পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২ ভবনটির দখল ব্যাংকের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। অতিরিক্ত জেলা জজ স্বাক্ষরিত ওই আদেশের ভিত্তিতে গতকাল আদালতের প্রতিনিধিরা উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করে ব্যাংক কর্তৃপক্ষকে ভবনটির দখল বুঝিয়ে দেন।

দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে ভবনটির দখল ফিরে পাওয়াকে ব্যাংকের সম্পদ ও স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছে বেসিক ব্যাংক কর্তৃপক্ষ। এখন নির্মাণকাজ শেষ করে ভবনটি ব্যবহার উপযোগী করা এবং প্রধান কার্যালয়ের কার্যক্রম সেখানে স্থানান্তর করাই ব্যাংকের পরবর্তী লক্ষ্য।