আমন ধানের সরকারি দাম পুনর্নির্ধারণের দাবি ২৯ নাগরিকের

আমন মৌসুমে সরকার নির্ধারিত ধান ও চালের সংগ্রহমূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন দেশের ২৯ জন বিশিষ্ট নাগরিক। তাঁদের অভিযোগ, কৃষকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে নির্ধারিত সরকারি সংগ্রহমূল্য বাজারদরের তুলনায় অনেক কম। এতে উৎপাদক কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন এবং আগামী বোরো মৌসুমে ধান উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত ৮ নভেম্বর সরকার চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান, ৪৯ টাকা দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাগরিকদের বক্তব্য, গত বছরের তুলনায় ধানের সংগ্রহমূল্য কেজিতে মাত্র ১ টাকা বাড়ানো হলেও সিদ্ধ ও আতপ চালের দাম কেজিতে ১ টাকা কমানো হয়েছে। অথচ সংগ্রহমূল্য নির্ধারণের আগে কৃষক প্রতিনিধিদের মতামত নেওয়া হয়নি। একতরফা আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় এ দাম নির্ধারণ কতটা যৌক্তিক, সে প্রশ্নও তুলেছেন তাঁরা।

বিবৃতিতে আরও বলা হয়, সার ও ডিজেলের দাম বৃদ্ধি এবং সারের সংকটের কারণে কৃষকের উৎপাদন ব্যয় ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে। বিশেষ করে সেচের খরচ বেড়ে যাওয়ায় কৃষকরা বাড়তি চাপের মুখে রয়েছেন। কিন্তু সরকারি সংগ্রহমূল্য নির্ধারণের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়নি। অন্যদিকে বাজারদরের তুলনায় সরকারি নির্ধারিত মূল্য অনেক কম হওয়ায় প্রকৃত কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হবেন।

এতে কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়ার পাশাপাশি আগামী বোরো মৌসুমে ধান উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। কারণ, অনেক কৃষক বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে চাষাবাদ করেন। উৎপাদিত ফসলের ন্যায্য দাম না পেলে তাঁদের পক্ষে সেই ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হবে।

এ পরিস্থিতিতে ধান ও চালের সংগ্রহমূল্য নির্ধারণের আগে বিভিন্ন কৃষি-প্রতিবেশ অঞ্চলের উপযুক্ত কৃষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার দাবি জানিয়েছেন নাগরিকরা। একই সঙ্গে প্রতিনিধি নির্বাচনে নারী-পুরুষ, আদিবাসী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

বিবৃতিতে উৎপাদক কৃষক, বিশেষ করে ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক ও নারী কৃষকদের জন্য প্রয়োজনীয় মূল্য-সমর্থন ও ভর্তুকি নিশ্চিত করারও দাবি জানানো হয়। পাশাপাশি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অন্তত দ্বিগুণ করা এবং কঠোর নজরদারির মাধ্যমে তা বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। মধ্যস্বত্বভোগী ও দালালদের দৌরাত্ম্য বন্ধ এবং দুর্নীতির সুযোগ রোধেরও দাবি জানিয়েছেন তাঁরা।

নাগরিকরা বলেন, প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী ইশতেহারে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে অবিলম্বে স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ধান ও চালের ন্যূনতম সংগ্রহমূল্য পুনর্নির্ধারণ করতে হবে।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, লেখক ও সাংবাদিক আবু সাঈদ খান, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজীমউদ্দিন খান, জোবাইদা নাসরীন ও রোবায়েত ফেরদৌস, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, লেখক ও গবেষক পাভেল পার্থ, মানবাধিকারকর্মী সাঈদ আহমেদ, ড. হানা শামস আহমেদসহ ২৯ জন।