বান্দরবান সদরের নীলাচল টাইগার পাড়া এলাকার অষ্টবিংশতি বুদ্ধ বিহার ও রত্নপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্রে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিহারের সকল দায়ক-দায়িকা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়।
উৎসব উপলক্ষে ভোর ৫টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় পবিত্র ত্রিপিটক থেকে সূত্রপাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতরাশ, বুদ্ধমূর্তি দান, বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান ও কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়। এ ছাড়া ধর্মদেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে চীবর উৎসর্গ, শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ কর্মবীর ভদন্ত সত্যজিৎ মহাস্থবির, বাথুয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ সদ্ধর্মদিশারী ভদন্ত পি. লোকানন্দ মহাস্থবির, পটিয়া বাকখালি বোধিসত্ত্ব বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত বিনয় রক্ষিত মহাস্থবির, অষ্টবিংশতি বুদ্ধ বিহার ও রত্নপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা-পরিচালক বিমুক্তবারিধী বিদর্শনাচার্য ভদন্ত রত্নপ্রিয় মহাস্থবির, আনোয়ারা তালসরা আনন্দরাম বিহারের বিহারাধ্যক্ষ ধর্মদূত ভদন্ত জিনরতন মহাস্থবির, রত্নপ্রিয় কল্যাণ পরিষদের সভাপতি সদ্ধর্মচার্য মহাস্থবির ড. এস. লোকজিৎ ভিক্ষু, সাধারণ সম্পাদক ভদন্ত জ্ঞানজিৎ মহাস্থবির এবং বিহারের উপাধ্যক্ষ ভদন্ত বিনয়রত্ন স্থবিরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষরা।
এ সময় দানোত্তম শুভ কঠিন চীবরদান ও ধর্মসভায় উপস্থিত ছিলেন সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি বেসান্ত বড়ুয়া, উদযাপন পরিষদের সভাপতি সুগত প্রিয় বড়ুয়া, প্রধান সমন্বয়ক দিলীপ কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক শ্যামল বড়ুয়া, অর্থ সম্পাদক চেনী বড়ুয়া বাপ্পীসহ বিহারের দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা ও বিভিন্ন শ্রেণি-পেশার বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সুতা থেকে কাপড় বোনা এবং রং করার মাধ্যমে প্রস্তুত করা হয় কঠিন চীবর। পরে সেই চীবর ভিক্ষুসংঘকে দান করা হয়। বৌদ্ধ শাস্ত্রে এই দানকে অত্যন্ত পুণ্যময় ও শ্রেষ্ঠ দান হিসেবে বিবেচনা করা হয়।
কঠিন চীবর দানের মধ্য দিয়ে কায়িক, বাচনিক ও মানসিক পুণ্য অর্জন এবং সুখ-শান্তি ও বিশ্বশান্তি কামনায় বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা মাসব্যাপী বিভিন্ন বিহারে চীবর তৈরির আয়োজন করেন। পরে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তা ভিক্ষুসংঘের হাতে তুলে দেন।