সরকারি দপ্তরে শূন্য পদ ৫ লাখ ২১ হাজার ৯২২

দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তরসহ সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্য পদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন।

অধিবেশনে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে জনাব মো. আব্দুল বারী এ তথ্য জানান।

সাংসদ খায়রুল কবির খোকন তাঁর প্রশ্নে জানতে চান, দেশের সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরগুলোতে বর্তমানে মোট কতটি পদ শূন্য রয়েছে এবং শূন্য পদগুলো পূরণে সরকারের সুনির্দিষ্ট সময়ভিত্তিক কর্মপরিকল্পনা কী?

উত্তরে জানানো হয়, গত ৩০ জুন ২০২৫ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ (STATISTICS OF PUBLIC SERVANTS 2025) মোতাবেক বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর শূন্য পদের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৯২২টি।

বিপুল এই শূন্য পদ পূরণের উদ্যোগ বিষয়ে জবাবে বলা হয়, বর্তমান সরকার ইতোমধ্যে ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।

কর্মপরিকল্পনায় বর্ণিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’-এর বিষয়ে অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পত্র পাঠানো হয়েছে।

উত্তরে আরও উল্লেখ করা হয়, দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও শূন্য পদের বিপরীতে নিয়োগের বিষয়ে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে।