নিজেদের আর্থিক লেনদেনের তথ্য দেবে চ্যাটজিপিটি

ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার কাজ আরও সহজ করতে চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে ভয়েস সুবিধা যুক্ত করেছে ওপেনএআই। এর ফলে এখন থেকে ব্যবহারকারীরা কোনো কিছু টাইপ না করেই চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে নিজেদের আয়-ব্যয়, লেনদেন ও সঞ্চয় সম্পর্কে জানতে পারবেন। মাঝপথে কথা বলে নতুন প্রশ্ন করার সুযোগও থাকছে।

ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি ফিন্যান্সে যুক্ত হওয়া ভয়েস সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা মানুষের সঙ্গে কথা বলার মতো করেই নিজেদের আর্থিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। বর্তমান আর্থিক অবস্থা কেমন, কোথায় কত টাকা খরচ হচ্ছে কিংবা সঞ্চয়ের অগ্রগতি কতটুকু এ ধরনের প্রশ্নের উত্তর জানতে আর লিখিত নির্দেশনা দিতে হবে না। তবে ব্যবহারকারীদের নিজেদের আর্থিক হিসাব চ্যাটজিপিটি ফিন্যান্সের সঙ্গে যুক্ত করতে হবে। নতুন এ সুবিধা প্রাথমিকভাবে শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা ব্যবহার করতে পারবেন।

গত ১৫ মে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে চালুর পর থেকে চ্যাটজিপিটি ফিন্যান্সে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করেছে ওপেনএআই। এর মধ্যে অন্যতম হচ্ছে ‘উইকলি আপডেটস’। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা প্রতি সপ্তাহে নিজেদের আর্থিক অবস্থার হালনাগাদ তথ্য ও বিশ্লেষণ জানতে পারেন। এ ছাড়া শেয়ারবাজারে পছন্দের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের সর্বশেষ তথ্যও জানা যায় চ্যাটজিপিটি ফিন্যান্সে। শুধু চ্যাটজিপিটির প্রো সংস্করণের গ্রাহকরা ব্যবহার করতে পারতেন। পরে নির্বাচিত কয়েকটি দেশের ফ্রি ও গো সংস্করণের ব্যবহারকারীদের জন্যও টুলটি উন্মুক্ত করা হবে।