কালারব্লাইন্ড চিকিৎসা নিলে ভালো হয়

আমাদের মধ্যে কেউ কেউ আছেন, যারা এই রঙিন পৃথিবীকে ধূসর দেখেন। লাল-সবুজের পার্থক্য বুঝতে পারেন না। এমনদের বর্ণান্ধতা বলা যাবে।

কেন এমন হয় : জানতে হবে বস্তুকে আমরা কেন রঙিন দেখি? সূর্যের আলোতে থাকে রঙধনুর সাত রঙ। সাত রঙের সমন্বিত রূপ হলো সাদা। দিনের আলো কোনো বস্তুতে আপতিত হলে সেই বস্তু সূর্যের আলোর বিভিন্ন রঙকে শুষে নেয়। কোনো কোনো রঙ বস্তু থেকে বিচ্ছুরিত হয়ে চোখে পড়ে। চোখের সংবেদনশীল স্তর বা রেটিনাতে বিশেষ ধরনের স্নায়ুকোষ বা ফটোরিসেপ্টর থাকে, যারা বিশেষ সিগন্যালের মাধ্যমে রঙিন বার্তাটিকে মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক তখন বলে দেয় বস্তুটি লাল নাকি সবুজ বা কোন রঙের। মানে রঙ বোঝার উৎস হলো সূর্য, চোখের বিশেষ ফটোরিসেপ্টর বা কোণ সেল হলো অ্যান্টেনা ও মস্তিষ্কে এর চূড়ান্ত অনুভূতি সৃষ্টি হয়। চোখের সঙ্গে মস্তিষ্কের সংযোগকারী স্নায়ু বা অপটিক নার্ভ রঙের বার্তাবাহক হিসেবে কাজ করে। কোনো কারণে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হলে অথবা বার্তাবাহক স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হলে রঙিন অনুভূতি বিলুপ্ত হয়ে যায়। তখন তাকে বলা হয় কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ। দৃষ্টি ভালো থাকলেও বর্ণান্ধ হতে পারে। কালার ব্লাইন্ড বা রঙ বুঝতে না পারা এক সমস্যা নয়। কারও কারও বর্ণান্ধতা জন্মগত বা জেনেটিক ত্রুটির জন্য হয়ে থাকে। এরা সাধারণত লাল-সবুজের পার্থক্য বুঝতে পারেন না। এর কোনো চিকিৎসা নেই। তাদের দৃষ্টি সমস্যা থাকে না। দৈনন্দিন কাজে কোনো বিঘ্ন না হলেও এরা ড্রাইভিং, ড্রয়িং ডিজাইন, সিগন্যালিং, স্ক্রিন বা মাইক্রোস্কোপে রঙনির্ভর কাজগুলো সম্পন্ন করতে পারেন না। আবার একজন সুস্থ ব্যক্তি হঠাৎ করে কালার ব্লাইন্ড হতে পারেন। যেমন অপটিক নিউরাইটিস বা অপটিক নার্ভেপ্রদাহ, স্ট্রোক বা মস্তিষ্কের টিউমার বা কোনো কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অতিমাত্রায় অ্যালকোহল বা মদের বিষক্রিয়া ইত্যাদি। এখানে কোণ ফটোরিসেপ্টর ক্ষতিগ্রস্ত হয়।

চিকিৎসা : নার্ভের প্রদাহ, বিষক্রিয়া বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় হলে দ্রুত চিকিৎসা করে সেরে তোলা সম্ভব। এমনকি কয়েক ঘণ্টার মধ্যেই চিকিৎসা নিতে হবে। সাধারণত জন্মগত কারণে এ সমস্যা দেখা দেয়। বিশেষ করে লাল, সবুজ ও নীল রঙ চিনতে অসুবিধা হয়। জন্মগত কালার ব্লাইন্ডের স্থায়ী কোনো চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি। তবে কিছু পদ্ধতির মাধ্যমে এ সমস্যার প্রভাব কমানো সম্ভব। বিশেষ ধরনের কালার কারেকশন চশমা ও কনট্যাক্ট লেন্স ব্যবহারে কিছু মানুষের রঙ শনাক্ত করার সক্ষমতা বাড়তে পারে। তবে এগুলো সব ধরনের বর্ণান্ধতায় কার্যকর নয়। অন্যদিকে কোনো রোগ বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় বর্ণান্ধতা দেখা দিলে মূল কারণ শনাক্ত করে চিকিৎসা করা জরুরি। এ জন্য চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে কালার ভিশন টেস্টের মাধ্যমে সমস্যার ধরন ও মাত্রা নির্ণয় করা হয়।