হেগসেথের বিরুদ্ধে রিপাবলিকান সদস্যের অভিশংসন প্রস্তাব

ইরানে হামলাসহ অন্যান্য মার্কিন আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে কংগ্রেসে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদলীয় সদস্য টমাস ম্যাসি। গত সোমবার প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি পড়ে শোনানোর সময় কেন্টাকির এই বিদায়ী আইনপ্রণেতা হেগসেথের বিরুদ্ধে বেআইনি আদেশ বাস্তবায়ন করা এবং সংবিধানের জন্য হুমকি সৃষ্টির অভিযোগ তোলেন। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পর প্রতিনিধি পরিষদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পরপরই ম্যাসি এই অভিশংসন প্রস্তাব আনলেন। উভয় কক্ষে বিপুল জয়ের পর ডেমোক্র্যাটিক পার্টির নেতারা কংগ্রেসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। খবর আলজাজিরার

গত সেপ্টেম্বরে প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যে আটটি ধারায় অভিশংসন প্রস্তাব তুলেছিলেন, ম্যাসি তা আবারও উত্থাপন করলেন। সে সময় রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসে স্পিকার মাইক জনসন আইনপ্রণেতাদের আগেভাগে ছুটি দিয়ে অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটি এড়িয়ে গিয়েছিলেন। সোমবার এক সংবাদ সম্মেলনে টমাস ম্যাসি বলেন, হেগসেথকে পদচ্যুত করতে চান, এমন যেকোনো আইনপ্রণেতার ভোটকে তিনি স্বাগত জানাবেন। এমনকি তারা যদি তার অভিশংসন প্রস্তাবের বিস্তারিত না–ও পড়ে থাকেন। ম্যাসি বলেন, ‘আমি বুঝি, তাদের মধ্যে কয়েকজন কেবল হেগসেথকে বিদায় করতে চান বলেই প্রস্তাবে ভোট দিতে চান। আমি তাদের ভোটকে স্বাগত জানাই।’

আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই প্রতিরক্ষামন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানান টমাস ম্যাসি। তিনি ভবিষ্যদ্বাণী করেন, ডেমোক্র্যাটদের তদন্তে হেগসেথের অধীন কীভাবে প্রতিরক্ষা বিভাগ পরিচালিত হয়েছে, সে বিষয়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাক্ষ্য নেওয়া হবে। তবে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ নিজের অবস্থানে অটল রয়েছেন। কংগ্রেসে তিনি নিজের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গাওয়ার সুযোগ পাওয়াকে স্বাগত জানিয়েছেন।

গতকাল সাংবাদিকদের হেগসেথ বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অনেক মানুষ আছেন, যাদের নীতিগতভাবে বড় ধরনের দ্বিমত থাকতে পারে। তবে তাদের দ্বিমত আসলে আমাদের সাফল্য নিয়ে।’ ট্রাম্প প্রশাসন যেসব সামরিক পদক্ষেপ নিয়েছে, সেগুলোকে যদি আইনের আওতায় আনতে চাওয়া হয়, তবে তিনি বলেন, ‘আমি সারা দিন ধরে তা করতে প্রস্তুত ও আনন্দিত।’