পারশার সঙ্গে বিয়ে, রহস্যের কারণ জানালেন বর আসাদ নূর

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ে করার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন ব্লগার আসাদ নূর। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ে নিয়ে নানা আলোচনা চলছিল। মঙ্গলবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

আসাদ নূর জানান, বিয়ের খবর ঘিরে তৈরি হওয়া রহস্য ছিল তাদের পরিকল্পনার অংশ। পাঞ্জাবি, শাড়ির আঁচল এবং ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো বিষয়গুলো ইচ্ছাকৃতভাবে সামনে আনা হয়েছিল। ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত কৌতূহল এবং সামাজিক ট্যাবু নিয়ে প্রশ্ন তোলাই ছিল তাদের উদ্দেশ্য।

তিনি জানান, ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪ অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ ছাড়া পারশার সাংস্কৃতিক বেড়ে ওঠা ও পেশাগত যোগ্যতার প্রতি সম্মান জানিয়েই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন আসাদ নূর। পারশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে তৈরি আপত্তিকর ছবি ও অপপ্রচারেরও নিন্দা জানান তিনি।