প্রয়াত কিংবদন্তি গীতিকার, পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারকে স্মরণে বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। আগামী বছরের ফেব্রুয়ারিতে তার জন্ম মাস উপলক্ষে এই উৎসব অনুষ্ঠিত হবে। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত সেপ্টেম্বরে সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে তিন দিনের উন্মুক্ত চলচ্চিত্র উৎসবে দর্শকদের দারুণ সাড়ার পর এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। গাজী মাজহারুল আনোয়ার চলচ্চিত্রকে নিজের ঘর মনে করলেও মৃত্যুর পর তাকে উপযুক্ত মূল্যায়ন করা হয়নি বলে মন্তব্য করেন তিনি। মূলত তার কালজয়ী সৃষ্টিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য।
চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি তার লেখা কালজয়ী গানগুলো নতুন করে সংগীতায়োজনের পরিকল্পনাও রয়েছে। এই উদ্যোগে যুক্ত হয়েছেন তার কন্যা, সংগীতশিল্পী দিঠি আনোয়ার। ১৯৬৩ সাল থেকে গান লেখা শুরু করা এই সুরস্রষ্টা ২০ হাজারের বেশি গান রচনা করেছেন।