প্রধান কার্যালয় বুঝে পেল বেসিক ব্যাংক

চুক্তি অনুযায়ী টাকা পরিশোধের পরেও দীর্ঘ এক যুগেরও বেশি সময় আইনি জটিলতা ও দখলসংক্রান্ত সমস্যায় কাটিয়ে অবশেষে রাজধানীর মতিঝিলে নিজেদের জন্য কেনা নির্মাণাধীন ভবনের দখল বুঝে পেয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসি। এতদিন ব্যাংকটি মতিঝিলের সেনাকল্যাণ ভবনে ভাড়ায় কার্যক্রম পরিচালনা করে আসছে।

গতকাল মঙ্গলবার মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিরা অভিযান চালিয়ে ভবনটি দখলমুক্ত করে ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীসহ বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল, উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাসসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, ভবনটি কেনার জন্য বেসিক ব্যাংক প্রায় ৮০ কোটি টাকার চুক্তি করে। এর মধ্যে প্রায় ৭৬ কোটি টাকা পরিশোধও করা হয়। কিন্তু বিপুল অঙ্কের অর্থ পরিশোধের পরও চুক্তির শর্ত অনুযায়ী ভবনটির দখল বুঝে পায়নি ব্যাংক। ফলে দীর্ঘদিন ধরে ব্যাংকের বিনিয়োগ করা অর্থের যথাযথ ব্যবহার সম্ভব হয়নি। নিজস্ব ভবনে প্রধান কার্যালয়ের কার্যক্রম স্থানান্তরের পরিকল্পনাও বাস্তবায়ন সম্ভব হয়নি।

এদিকে, ভবন কেনার অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও আইনি কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে ভবনটির মালিকানা ও দখল নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। ভবনটির দখল ফিরে পেতে নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত আইনি লড়াই চালাতে হয় ব্যাংককে।

বেসিক ব্যাংক সূত্রে জানা গেছে, ভবনটির অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করে সেখানে প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে। নিজস্ব ভবনে প্রধান কার্যালয় স্থানান্তর করা সম্ভব হলে ব্যাংকের পরিচালন ব্যয়ও কমে আসবে। চলবে স্বাভাবিক কার্যক্রম।

ব্যাংকটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, প্রধান কার্যালয়ের জন্য নিজস্ব ভবন নির্মাণ ও ক্রয়ের লক্ষ্যে ২০১০ সালে জমির মালিক সিঙ্কু আকরামুজ্জামানের মালিকানাধীন নির্মাতা প্রতিষ্ঠান বিজনেস রিসোর্সেস লিমিটেডের সঙ্গে চুক্তি করে বেসিক ব্যাংক। চুক্তি অনুযায়ী, ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ভবন নির্মাণ শেষ করে ব্যবহার উপযোগী অবস্থায় মালিকানা দলিলসহ ব্যাংকের কাছে হস্তান্তরের কথা ছিল। ভবনটির নিচতলা থেকে ১২তলা পর্যন্ত মোট ৫১ হাজার ৫০০ বর্গফুট জায়গা ব্যাংকের জন্য নির্ধারণ করা হয়। তবে নির্ধারিত সময় পার হলেও ভবনটি ব্যাংকের কাছে হস্তান্তর করেনি নির্মাতা প্রতিষ্ঠান। এতে দীর্ঘদিন ধরে আটকে থাকে ব্যাংকের নিজস্ব ভবন ব্যবহারের পরিকল্পনা। একপর্যায়ে ব্যাংকের সম্পদ ও আইনগত অধিকার রক্ষায় আদালতের শরণাপন্ন হয় বেসিক ব্যাংক। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মামলায় ব্যাংকের পক্ষে রায় ও আদেশ আসে।

সবশেষ বেসিক ব্যাংকের টাইটেল এক্সিকিউশন মামলা নম্বর ৬৯/২০২৬-এর পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২ ভবনটির দখল ব্যাংকের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। অতিরিক্ত জেলা জজ স্বাক্ষরিত ওই আদেশের ভিত্তিতে গতকাল আদালতের প্রতিনিধিরা উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করে ব্যাংক কর্তৃপক্ষকে ভবনটির দখল বুঝিয়ে দেন।

এ বিষয়ে বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল দেশ রূপান্তরকে বলেন, ২০১৩ থেকে ২০২৬ সাল, ১৩ বছর আইনি লড়াই শেষে আদালতের মাধ্যমে ব্যাংকের জন্য কেনা ভবনটির দখল বুঝে পাওয়া গেছে। এ জন্য আমরা আদালতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, ভবনের ব্যাংকের প্রাপ্য অংশ সম্পূর্ণ খালি অবস্থায় বুঝিয়ে দেওয়া হয়েছে।  এখন ভবনটির অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। এরপর সেখানে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গেল ১৩ বছরে ব্যাংকটির অতিরিক্ত ব্যয় কীভাবে সমাধান করা হবে তা নিয়ে ফের আদালতের যাবে বলে জানান তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, মতিঝিলের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় নিজস্ব ভবন থাকা সত্ত্বেও দীর্ঘদিন তা ব্যবহার করতে না পারায় ব্যাংককে বিকল্প ব্যবস্থায় কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। এতে একদিকে যেমন ব্যাংকের বড় অঙ্কের বিনিয়োগ আটকে ছিল, অন্যদিকে নিজস্ব অবকাঠামো ব্যবহারের পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি।

এখন ভবনটির দখল ফিরে পাওয়ায় অসমাপ্ত নির্মাণকাজ শেষ করার পাশাপাশি প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। তবে ভবনটি পুরোপুরি ব্যবহার উপযোগী করতে কত সময় লাগবে এবং নির্মাণকাজ শেষ করতে কত অর্থ ব্যয় হবে, সে বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ কোনো বক্তব্য দেয়নি।