ধোঁয়ায় দিশেহারা শিক্ষার্থীরা হাতড়ে বাঁচান প্রাণ

রাত প্রায় পৌনে ২টা। গভীর ঘুমে আচ্ছন্ন শিক্ষার্থীদের ঘুম ভাঙে ‘আগুন, আগুন’ চিৎকারে। কিছু বুঝে ওঠার আগেই ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ভবন। অন্ধকারে কে কোথায় যাবে, কীভাবে বের হবে বুঝে উঠতে না পেরে প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে তারা। কেউ দোতলা থেকে নিচে নামতে গিয়ে সিঁড়িতে আগুনের কারণে আটকে পড়ে। কেউ ছাদে যাওয়ার চেষ্টা করেও তালাবদ্ধ থাকায় যেতে পারেনি। একপর্যায়ে অন্ধকারে হাতড়ে সংযোগ সিঁড়ি দিয়ে পাশের ভবনে আশ্রয় নেয় অনেকে। অনেকে নিচে নেমে আসতে সক্ষম হয়। এ সময় হুড়োহুড়িতে আহতও হয়েছে কয়েকজন। গত সোমবার রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ধোঁয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে ৮৮ শিক্ষার্থী। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ৫৩ জনকে ছেড়ে দেওয়া হয়। এ প্রতিবেদন লেখার সময় রাত ৯টা পর্যন্ত ৩৫ জন ভর্তি রয়েছে। এর মধ্যে চারজন আইসিইউতে চিকিৎসাধীন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। খবর পেয়ে ঢাকায় ছুটে আসেন স্বজনরা। আইসিইউর সামনে উদ্বিগ্ন অপেক্ষা তাদের।

অগ্নিকান্ডের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছে চিকিৎসাধীন কয়েকজন শিক্ষার্থী। তাদের চোখেমুখে এখনো আতঙ্কের ছাপ। শিক্ষার্থীদের ভাষ্য, পাশের ভবনে যাওয়ার সংযোগ সিঁড়ি না পেলে বহু প্রাণহানির ঘটনা ঘটত। এদিকে আক্রান্তদের চিকিৎসায় দুটি মেডিকেল বোর্ড গঠন ও বিনামূল্যে চিকিৎসার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তবে অগ্নিকা-ের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি মাদ্রাসা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টদের তথ্যমতে, মাদ্রাসাটিতে নূরানী থেকে কামিল পর্যন্ত পড়াশোনা করানো হয়। সব মিলিয়ে প্রায় ১৪০০ শিক্ষার্থী রয়েছে। ৫ম তলা ভবনটির দ্বিতীয় তলায় লাইব্রেরি থেকে আগুনের সূত্রপাত হয়। লাইব্রেরিসহ দ্বিতীয় তলার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এই ভবনে ছিল প্রায় ২০০ শিক্ষার্থী।

আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে আজিজুল ইসলাম সিয়াম (১৪), খায়রুল (২২), ইউসুফ খন্দকার (১৭) ও জোবায়ের পাঠান (১৭)। ইউসুফের বড় ভাই ঢাকা কলেজের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামি জানান, রাত ৩টার দিকে খবর পেয়ে হল থেকে ছুটে আসেন তিনি। ইউসুফকে প্রথমে রামপুরার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে আনা হয় বার্ন ইনস্টিটিউটে। এখানে এসে দেখি, আমার ভাই আইসিইউতে। জানি না, সুস্থ হতে কত দিন লাগবে। ইউসুফ কিতাব বিভাগের শিক্ষার্থী। আগুন লাগার সময় তৃতীয় তলায় ঘুমিয়ে ছিল। আগুনের আঁচে ঘুম ভাঙলেও দিশা পাচ্ছিল না কোথায় যাবে। নিচে নামতে গিয়ে দ্বিতীয় তলায় আগুন দেখে আবার ওপরে ফিরে যায়। কিন্তু ছাদের দরজা ছিল তালাবদ্ধ। চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় কিছুই দেখতে পাচ্ছিল না। কয়েকবার চেষ্টা করে শেষ পর্যন্ত তৃতীয় তলার সংযোগ সিঁড়ি দিয়ে হাতড়ে পাশের ভবনে পৌঁছায়। এভাবেই প্রাণে বাঁচে সে। তবে সাত-আটবার বমি করেছে। আমরা খুব দুশ্চিন্তায় আছি।’

খাবার খাইয়ে এসেছিলাম, সকালে আইসিইউতে : আইসিইউতে চিকিৎসাধীন চার শিক্ষার্থীর মধ্যে আজিজুল ইসলাম সিয়ামের অবস্থা সংকটাপন্ন। তার চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। একমাত্র ছেলের এমন অবস্থায় কান্নায় ভেঙে পড়েন মা সোনিয়া আক্তার। তিনি বলেন, সোমবার রাত ৯টার দিকে নিজ হাতে ছেলের পছন্দের খাবার খাইয়ে এসেছিলাম। তখনো বুঝিনি, কয়েক ঘণ্টার ব্যবধানে এমন পরিস্থিতি হবে। আমার হাসিখুশি ছেলেটি এখন নির্বাক। মেশিনের সাহায্যে ওর শ্বাস-প্রশ্বাস চালু রাখা হয়েছে। সহপাঠী ও শিক্ষকরা জানান, আতঙ্কে নামতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায় সিয়াম। এতে তার নাকে আঘাত লাগে ও রক্তক্ষরণ হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন জানান, অগ্নিকান্ডের পর ৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গুরুতর রোগীদের রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। কারও কাশির সঙ্গে রক্ত আসছে। এ ছাড়া শ্বাসকষ্ট, পেট ব্যথা, চোখে জ্বালাপোড়া ও মাথাব্যথার উপসর্গ রয়েছে। ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শরীরে অক্সিজেন সরবরাহ ব্যাহত হতে পারে। চারজন আইসিউতে রয়েছে। তাদের মধ্যে সিয়াম ভেন্টিলেটর সাপোর্টে আছে। কয়েকজনের চোখ আক্রান্ত হওয়ায় চক্ষু বিশেষজ্ঞদেরও যুক্ত করা হয়েছে।

ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা : মাদ্রাসায় অগ্নিনির্বাপণ যন্ত্র ছিল না বলে জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ঘটনার সময় ভবনের ছাদও ছিল তালাবদ্ধ। শিক্ষক আকতার হোসেন জানান, আগুন লাগার পর তারা শিক্ষার্থীদের ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। মাদ্রাসায় কোনো অগ্নিনির্বাপণ যন্ত্র কিংবা ফায়ার সার্ভিসের অগ্নিমহড়া ও সচেতনতামূলক কার্যক্রমও তার চোখে পড়েনি।

আগুনের কারণ নিয়ে বিভ্রান্তি : মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হলেও কীভাবে আগুন লেগেছে, তা নিয়ে রয়েছে বিভ্রান্তি। রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার সময় লাইব্রেরিতে কেউ পড়াশোনা করছিল না। শিক্ষার্থীদের ধারণা, ডেঙ্গুর প্রকোপের পর মশার কয়েল জ্বালিয়ে পড়াশোনা করত অনেকে। কয়েল থেকে আগুন লাগতে পারে। তবে শিক্ষক মুফতি রিফাত উল্লাহ ও আকতার হোসেন জানান, তারা মশার কয়েল ব্যবহার করতেন না।

কাঁচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার জানান, লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। বইয়ে আগুন লাগায় ভবনে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্তের পর আগুনের প্রকৃত কারণ জানা যাবে। তবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কোটি টাকার ক্ষতি : আগুনে লাইব্রেরিসহ দ্বিতীয় তলার সবকিছু পুড়ে গেছে। মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান ও শিক্ষক আকতার হোসেন জানান, লাইব্রেরির ডেকোরেশনেই খরচ হয়েছিল ২০ থেকে ২১ লাখ টাকা। সেখানে ৭০ থেকে ৮০ লাখ টাকার কিতাব ও ধর্মীয় বই ছিল। আগুনে সব পুড়ে গেছে।

দুটি মেডিকেল বোর্ড গঠন : আক্রান্ত শিক্ষার্থীদের দেখতে গতকাল দুপুরে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি জানান, শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসার জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আগুনের আতঙ্কে হুড়োহুড়ি, ধোঁয়ায় শ্বাসনালির ক্ষতি ও মানসিক ট্রমার কারণে শিক্ষার্থীরা বেশি অসুস্থ হয়েছে।