‘শিক্ষার্থীদের টাকা আত্মসাতের করতেই প্রশাসনের রাকসু নির্বাচনে সদিচ্ছা নেই’

রাকসুর তহবিল থেকে শিক্ষার্থীদের কষ্টার্জিত কয়েক কোটি টাকা বিগত দায়িত্বশীল শিক্ষকেরা আত্মসাৎ করেছিলেন। আবারও শিক্ষার্থীদের টাকা আত্মসাতের ষড়যন্ত্র করা হচ্ছে। এ কারণেই প্রশাসনের পক্ষ থেকে রাকসু নির্বাচন আয়োজনের কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে রাকসুর তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে ছাত্রশিবির আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মুজাহিদ ফয়সাল বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম, আপনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাকসুর সভাপতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী, এই নির্বাচন দেওয়ার ক্ষমতা একমাত্র আপনার ও আপনার সিন্ডিকেটের। এখানে ওপর মহলের কোনো ক্ষমতা নেই।

তিনি বলেন, নির্বাচন বিলম্ব করার ষড়যন্ত্রের মধ্য দিয়ে আপনি নতুন করে ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার যেমন শেষ রক্ষা হয়নি, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য গোলাম সাব্বির সাত্তার কপুুরের যেমন শেষ রক্ষা হয়নি, তেমনি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা করলে আপনারও শেষ রক্ষা হবে না। শিক্ষার্থীরা দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে আপনাকেও এই বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কষ্টার্জিত কয়েক কোটি টাকা বিগত দায়িত্বশীল শিক্ষকেরা আত্মসাৎ করেছিল। আবারও শিক্ষার্থীদের টাকা আত্মসাতের ষড়যন্ত্র করা হচ্ছে। এ কারণেই প্রশাসনের পক্ষ থেকে রাকসু নির্বাচন আয়োজনের কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না।

সিনেট কার্যকর এবং রাকসুর তফসিল ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত পাঁচজন ছাত্র প্রতিনিধির মাধ্যমে গঠিত সিনেট কার্যকর করতে হবে। ঢাকা, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিনেট কার্যকর হয়েছে। একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়েই সিনেট কার্যকর হয়নি। অনতিবিলম্বে সিনেট অধিবেশন ডাকতে হবে, সিনেট কার্যকর করতে হবে এবং ১৮তম রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মেহেদী সজীব, দপ্তর সম্পাদক শামীম পাটোয়ারী, হল এবং একাডেমিক শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের প্রায় দুই শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।