রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড, বিকল্প পথে ভেতরে গেলেন মন্ত্রী

রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দর থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো মাঠে নিয়ে নিষ্ক্রিয় করা হয়। বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতরে পড়ে থাকা গ্রেনেড ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এক পথচারী গ্রেনেড দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সময়ে বিকল্প গেট খুলে দেওয়া হয়।

খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধান ফটক বন্ধ করে দেন। যাত্রীদের বের হওয়ার জন্য বিকল্প পথ খুলে দেওয়া হয়। এ সময় বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিমানবন্দরে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিমানবন্দরের মূল ফটকের পরিবর্তে তিনিও বের হন পেছনের গেট দিয়ে।

বগুড়া যাওয়ার জন্য মঙ্গলবার বেলা ১১টার দিকে ফ্লাইটে ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছান মন্ত্রী। তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে যান। প্রধান ফটক বন্ধ থাকায় বিকল্প পথে তিনিও বিমানবন্দর থেকে বের হন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের সহায়তায় পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়েছে। কারা কী উদ্দেশ্যে বস্তু দুটি সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।