কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ভেতরে ও বাইরে থেকে সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘দেশের ভেতরে আত্মগোপনে থাকা পতিত ফ্যাসিবাদী শক্তির সহযোগীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সীমান্তের ওপার থেকেও তাদের ইন্ধন দেওয়া হচ্ছে। তবে কোনো ষড়যন্ত্রের নীলনকশা দেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে বিচ্ছিন্ন উল্লেখ করে তিনি বলেন, দুয়েকটি ঘটনায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যৌক্তিক নয়।’

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিরোধীদলীয় নেতার উদ্বেগ প্রকাশকে স্বাগত জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দল হিসেবে ব্যর্থ হতে না চাওয়ার যে অবস্থান শফিকুর রহমান তুলে ধরেছেন, সেটিকে ইতিবাচকভাবে দেখি। সরকার সবসময় বিরোধী দলের সক্রিয়তা ও সহযোগিতা চায়।

দেশ ছেড়ে সীমান্তের ওপারে আশ্রয় নেওয়া ব্যক্তিদের সেখানে থাকার আইনি বৈধতা এবং সেখান থেকে রাজনৈতিক তৎপরতা চালানোর বিষয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের ভেতরে কারা এসব কর্মকাণ্ডে জড়িত এবং কারা ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সম্মিলিত ষড়যন্ত্রের বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেলে প্রমাণসহ তা প্রকাশ করা হবে।’

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ও অরাজকতা সৃষ্টির জন্য দেশের বাইরে থেকে নীলনকশা করা হয়েছিল বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ পরিকল্পনা বাস্তবায়নে দেশের ভেতরেও সহযোগিতা ও বিনিয়োগ ছিল বলে দাবি করেন তিনি। তবে সরকার সফলভাবে সেই চেষ্টা নস্যাৎ করেছে।

তিনি বলেন, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করেছে। উসকানির মুখেও অতিরিক্ত বল প্রয়োগ করা হয়নি। বরং কোনো কোনো ঘটনায় বাহিনীর সদস্যরা নিজেরাই আহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের কিছু এলাকায় শিল্প পুলিশ, সাধারণ পুলিশ, বিজিবিসহ বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। শিল্প মালিক, শ্রমিক সংগঠনের নেতা ও বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে বলেও জানান তিনি। তবে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় কয়েকজন কারখানার মালিকের সহযোগিতা ছিল বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শিল্প মালিক, দেশি-বিদেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করে তিনি বলেন, দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না। কেউ এ ধরনের চেষ্টা করলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। দেশে বিনিয়োগের পরিবেশ শতভাগ বজায় থাকবে।

সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে বিরোধী দলের অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্য একজন পালিয়ে গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুয়েকটি প্রতীকী ঘটনা একত্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা যৌক্তিক নয়। সীমান্তের ওপার থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে সামাজিক মাধ্যমে এসব কর্মসূচির প্রচার থাকলেও রাজপথে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি নিয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে পুলিশের ওয়েবসাইটের তথ্যের ভিত্তিতে ২ হাজার ৯২৯টি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। তবে আগের বছরের একই সময়ের সঙ্গে তুলনা না করলে পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া যায় না। পুলিশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে প্রায় ৩০০টি হত্যাকাণ্ড কম হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পরিসংখ্যানসহ সংসদে বিবৃতি দেওয়ার আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আগামীকাল (আজ) ৩০০ বিধিতে বক্তব্য দেবেন। পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতেই তিনি বক্তব্য দেবেন, যাতে যে কেউ তথ্য যাচাই করতে পারেন।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের তোলা আরও দুটি অভিযোগের জবাবও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দলের একজন সংসদ সদস্যকে প্রতিমন্ত্রীর ফোন করে শাসানোর অভিযোগ এবং গোয়েন্দা সংস্থার পরিচয়ে জামায়াত ছাড়তে বলার বিষয়ে তিনি সুনির্দিষ্ট তথ্য চান। বলেন, কারা এসব কথা বলেছেন, কোন ফোন নম্বর থেকে যোগাযোগ করা হয়েছে এবং কী বার্তা দেওয়া হয়েছে, তা জানানো হলে তদন্ত করা হবে। সরকার বিরোধী দলের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখতে প্রস্তুত।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ‘পতিত ফ্যাসিবাদ’ শব্দ ব্যবহারে আপত্তি জানান। তিনি বলেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত ফ্যাসিবাদ ছিল। পরে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়ার অভিযোগের প্রসঙ্গ তুলে সীমান্তে নজরদারি জোরদারের আহ্বান জানান তিনি। সীমান্ত পেরিয়ে কোনো দুষ্কৃতকারী যাতে দেশে এসে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।