ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন বরদাশত করব না : বিরোধীদলীয় নেতা

দেশের বিভিন্ন স্থানে অব্যাহত নাশকতামূলক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদর দপ্তর ও সংবেদনশীল এলাকার সামনে হামলা এবং পার্বত্য অঞ্চল ও সীমান্ত এলাকার অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সাম্প্রতিক এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুস্পষ্ট ব্যাখ্যা ও দৃশ্যমান পদক্ষেপ দাবি করেন তিনি।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতন এবং জনগণের আত্মত্যাগের পর দেশে নতুন করে কোনো ধরনের অস্থিতিশীলতা বা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন বরদাশত করা হবে না। সরকারের পক্ষ থেকে একেক সময় একেক ধরনের বক্তব্য এবং গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্বহীন আচরণ পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে।  তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্প্রতি আর্মি ক্লাবের সীমানা, এসবি সদর দপ্তর, থানা গেট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের নানা প্রান্তে নাশকতামূলক ঘটনা ঘটছে। একই সঙ্গে সীমান্ত ও পার্বত্য এলাকায় সন্ত্রাসী দমনে এক তরুণ সেনা সদস্যের প্রাণহানি এবং সাজেকের অস্থিতিশীল পরিস্থিতি সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি করেছে। এ ছাড়া গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-অগ্নিসংযোগ এবং রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে চলেছে।

তিনি অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, র‌্যাব (এসআরবি), এপিবিএন ও আনসার ব্যাটালিয়নের মতো একাধিক শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও সাম্প্রতিক সহিংসতার পর কাউকেই গ্রেপ্তার বা জবাবদিহির আওতায় আনার কোনো স্পষ্ট তথ্য জনগণের সামনে নেই। আইনশৃঙ্খলা বাহিনীর অকার্যকর ভূমিকা দেশের সার্বিক নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে।

বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় এই সংকটময় মুহূর্তে সরকার যদি ব্যর্থ হয়, তবে বিরোধী দল নীরব থাকবে না। দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থে সরকার চাইলে কার্যকর সহযোগিতা দিতে বিরোধী দল প্রস্তুত। অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরো পরিস্থিতির বাস্তব চিত্র জাতির সামনে তুলে ধরা এবং দ্রুত দৃশ্যমান কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিরোধীদলীয় নেতা।