বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে পাকিস্তানের লাহোর, স্কোর ৪৫১। অন্যদিকে আজ ঢাকার বায়ু ‘মাঝারি বা সহনীয়’ এবং দূষিত বায়ুর শহরের তালিকায় ১৯তম স্থানে রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১২৬ শহরের মধ্যে দূষিত বায়ুর শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৯তম। যার বায়ুমান স্কোর ৯৬। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘মাঝারি বা সহনীয়’ বলে বিবেচনা করা হয়।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। যার বায়ুমান স্কোর ৪৫১। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি, যার বায়ুমান স্কোর ২৩০। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। যার বায়ুমান স্কোর ১৬৫।
অন্যদিকে ১৬৪ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর এবং পঞ্চম স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার বায়ুমান স্কোর ১৫৪।