গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ ২জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও বিজয়পাশা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খসপুর গ্রামের কচির সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সদ্দার (৮৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের আকমান খন্দকারের ছেলে ওবাইদুর খন্দকার (৩৫)।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মুনতাসির মাহামুদ জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সরদার একটি পিকআপে করে মালামাল নিয়ে ছেলের বাসা মোংলায় যাচ্ছিলেন। পরে ভোররাতে পিকআপটি ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালে সামনে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি পিকআপের পিছনে সজোরে ধাক্কা মারে। এতে পিকআপের ভিতরেই মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাক পথচারী ওবায়দুর খন্দকারকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।