এয়ার ইন্ডিয়ার মুম্বাই ফ্লাইট ছিনতাইয়ের হুমকি, আতঙ্ক

কলকাতা বিমানবন্দরে বুধবার হাইজ্যাক অ্যালার্টকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বুধবার (১১ নভেম্বর) সকালে ওড়ার ঠিক আগে হাইজ্যাক সংক্রান্ত সতর্কবার্তা পাঠানো হয় বলে জানা গিয়েছে। এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ বিমানে এই ঘটনা ঘটেছে। বিমানটিতে ১০৫ জন যাত্রী ছিলেন। খবর আনন্দবাজার

সূত্রের খবর, বিমানটি ওড়ার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে হাইজ্যাক বার্তা পাঠান পাইলট। এর পরই তৎপর হয়ে ওঠেন বিমানবন্দর কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন নিরাপত্তারক্ষীরা। গোটা বিমানটিকে ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। নিয়ে আসা হয়েছে বম্ব এবং ডগ স্কোয়াডও। যাত্রীদের আইসোলেশন বে-তে তিনটি বাসে রাখা হয়েছে। সূত্রের খবর, বাসে ওঠানোর আগে তাদের ব্যাগপত্রেও তল্লাশি চালানো হয়। তদন্তকারী আধিকারিকেরা যত ক্ষণ না পর্যন্ত সবুজ সঙ্কেত দেবেন, তত ক্ষণ পর্যন্ত বিমানটিকে ওড়ার জন্য অনুমতি দেওয়া হবে বলে বিমানবন্দর সূত্রে খবর।

বিমানবন্দর সূত্রের খবর, বুধবার সকাল ১০টা ৩৭ মিনিটে বিমানের শৌচাগার থেকে একটি নোট উদ্ধার হয়। তাতে লেখা ছিল, বিমানটিকে হাইজ্যাক করা হবে। সেই হুমকি চিঠি মিলতেই বিমানটিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের বিমান থেকে নামিয়ে তল্লাশি চালানো হয়। তিন ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালানো হয়।

গত অক্টোবরেও কলকাতা বিমানবন্দরে পর পর দু’দিন বোমাতঙ্ক ছড়ায়। ‘বোমা রাখা আছে’ এই বার্তা দিয়ে বিমানের শৌচালয় থেকে হুমকি-চিঠি উদ্ধার হয়। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই আবার আতঙ্ক ছড়াল। 

গত সেপ্টেম্বরে দুবাই থেকে ইজ়রায়েলগামী বিমান ছিনতাই করার চেষ্টার অভিযোগ ওঠে ফ্লাইদুবাইয়ের এক সহপাইলটের বিরুদ্ধে। বিমানটিকে নীচে ফেলার চেষ্টা করেছিলেন তিনি। ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন। ককপিটেই দুই পাইলটের রক্তক্ষয়ী লড়াই চলে। পাইলট স্মিত ককপিট খুলে কোনও রকমে বেরিয়ে আসেন। তার পর যাত্রীরা সহপাইলটকে ধরে সরিয়ে দেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।