ফতুল্লায় মাদরাসায় আগুন: ছাড়পত্র পেলেন ৭৬ জন, এখনও ভর্তি ১৮ জন

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৭৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এখনও ভর্তি রয়েছেন ১৮ জন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৯৪ জন শিক্ষার্থীকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছিল। চিকিৎসা শেষে ৭৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শারীরিক অবস্থা বিবেচনা নিয়ে ১৮ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডা. সুলতান বলেন, আইসিইউতে ভর্তি থাকা চারজনের মধ্যে একজনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। বাকি তিন জন এখনও আইসিইউ ভর্তি রয়েছে। যাদের মধ্যে একজন লাইফ সাপোর্টে রয়েছেন।

আইসিইউতে থাকা চার শিক্ষার্থী হলেন, আজিজুল ইসলাম সিয়াম (১৪), ইউসুফ (২০), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

এর আগে, সোমবার রাত দেড়টার দিকে ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসার পাঁচতলা ভবনের দোতলায় লাইব্রেরিতে আগুন লাগে। সেই আগুনের ধোয়ায় বহু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।