চিকিৎসা শেষে আবারও কারাগারে ফিরলেন ইমরান খান

পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক থেকে দেশের রাজনীতির শীর্ষে পৌঁছানো ইমরান খানের কারাজীবন ঘিরে স্বাস্থ্যসংক্রান্ত উদ্বেগ দিন দিন ঘনীভূত হচ্ছে। গত মঙ্গলবার রাতে আদিয়ালা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ৭৪ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীকে দ্রুত স্থানান্তরিত করা হয় হাসপাতালে। চোখ পরীক্ষা ও রক্তচাপজনিত জটিলতার জরুরি চিকিৎসা শেষে রাতেই আবার তাঁকে ফিরিয়ে নেওয়া হয়েছে কারাকক্ষের নির্জনতায়। 

সাবেক এই রাষ্ট্রপ্রধানের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সকে হাসপাতালের এক কর্মকর্তা নিশ্চিত করে বলেন, ‘তাঁর (ইমরান খান) কিছু রক্তচাপজনিত জটিলতা দেখা দিয়েছিল এবং গত রাতে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তাঁকে পুনরায় কারাকক্ষে স্থানান্তর করা হয়েছে।’ 

ক্রিকেট থেকে রাজনীতিতে এসে পাকিস্তানের মসনদে বসা ৭৪ বছর বয়সী এই শীর্ষ নেতার স্বাস্থ্য নিয়ে পরিবারের পাশাপাশি উদ্বিগ্ন তাঁর আইনি দলও। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলা বন্দী জীবনে তাঁর দৃষ্টিশক্তি বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ইমরান খানের আইনজীবীরা এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে জানান, ‘কারাগারে তাঁর (ইমরান খান) শারীরিক অবস্থার তীব্র অবনতি ঘটেছে এবং তিনি তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে হারিয়েছেন।’ 

২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক দুর্নীতি মামলার সম্মুখীন হতে হয় ইমরান খানকে। যদিও তাঁর বেশিরভাগ সাজাই উচ্চ আদালতে স্থগিত বা বাতিল হয়েছে এবং বাকিগুলোর আপিল এখনো বিচারাধীন, শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন তিনি। বিভিন্ন সময়ে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ইমরান খান টানা বলে আসছেন, ‘আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ যদিও পাকিস্তান সরকার এই দাবি বারবার অস্বীকার করে আসছে।

তবে আইনি লড়াই ও শারীরিক টানাপোড়েনের এই জটিল অধ্যায়ে কিছুটা স্বস্তির খবর এনে দিয়েছে দেশটির বিচার বিভাগ। ইমরান খানের দলের প্রতিনিধিরা গণমাধ্যমকে জানিয়েছেন, আদালত সরাসরি কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যাতে তাঁর আইনি দল ও তাঁর স্ত্রী কারাগারে গিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পান।