চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামের সাবেক এক ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুলাল মিয়াজী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ৪নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন। তিনি মৃত আব্দুল লতিফের ছেলে। দুলাল মিয়াজী ৩ ছেলের জনক ছিলেন।
হাজীগঞ্জ থানা উপপরির্দক নাজমুল জানান, সুরতাল রিপোর্ট করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের স্বজন ও বড় ছেলে তামিমের বরাত দিয়ে জানা গেছে, গ্রেপ্তারের ভয়ে দুলাল মিয়াজী গত কয়েক দিন ধরে রাতে ঘরে ঘুমাতে পারতেন না। মঙ্গলবার সন্ধ্যায় তার মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরবর্তীতে বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। নিহতের শরীরে, বিশেষ করে মাথা ও পিঠে মারাত্মক জখম ও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।”
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।