জাতীয় গ্রন্থকেন্দ্র ও ‘অআকখ’র যৌথ উদ্যোগ

এক বছরের পাঠচক্রের গল্প

‘যেকোনো উপায়ে পাঠাভ্যাস বৃদ্ধি করতে হবে’—জাতীয় গ্রন্থকেন্দ্রের নির্ধারিত কার্যাবলির এই নির্দেশনাটি সেখানে যোগ দেওয়ার পর থেকেই আমাকে ভাবিয়ে তুলেছিল। ভাবছিলাম, বছরে একবার সারা দেশের বেসরকারি পাঠাগারের পাঠকদের নিয়ে ‘জাতীয়ভিত্তিক পাঠ কার্যক্রম’ এবং হাতে গোনা কয়েকটি স্কুল-কলেজে ‘শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পাঠ কার্যক্রম’ পরিচালনার বাইরে আর কী করা যেতে পারে। সীমিত বাজেট ও আরও সীমিত জনবল নিয়ে কিছু প্রতিযোগিতামূলক আয়োজন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা সামান্য বাড়ানোর মধ্যেই নিজেদের প্রচেষ্টা সীমাবদ্ধ রাখার যথেষ্ট কারণ ছিল না। অন্যদিকে, প্রযুক্তিকে দায়ী করে ‘আজকালকার শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত, বই পড়ে না’—এমন অভিযোগ তুলে হাত গুটিয়ে বসে থাকাও মেনে নিতে পারছিলাম না। আবার ‘বাজেট নেই’ বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার কথাও ভাবিনি।

এমন পরিস্থিতিতে স্বল্প ব্যয়ে তরুণদের পাঠাভ্যাস বৃদ্ধির একটি উপায় হিসেবে পাঠচক্রের কথা ভাবতে শুরু করি। প্রযুক্তিকে প্রতিপক্ষ না ভেবে বরং পাঠাভ্যাস গড়ে তোলার কাজে তাকে কীভাবে ব্যবহার করা যায়, সেটিও ভাবনার অংশ ছিল। পরিকল্পনাটি ছিল সহজ। কয়েকজন পাঠককে নিয়ে কোথাও বৃত্তাকারে বসা হবে। জাতীয় গ্রন্থকেন্দ্রের কোনো একটি কক্ষের মেঝেতেও হতে পারে সেই আয়োজন। প্রত্যেকে একটি নির্দিষ্ট বই পড়ে আসবেন, তারপর বইটি নিয়ে চলবে আলোচনা। সামান্য চা-নাশতার আয়োজন থাকবে, পাশাপাশি পুরো আলোচনার ভিডিও ধারণ করা হবে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করা হলে নতুন পাঠকেরা বইটি সম্পর্কে জানতে পারবেন, কারও হয়তো বইটি পড়ার আগ্রহ তৈরি হবে। আলোচনার ভিডিও দেখে দূরের কোনো দর্শকের মনেও প্রশ্ন জাগতে পারে, তিনি মন্তব্য করতে পারেন, আলোচনায় অংশ নিতে চাইতে পারেন। এভাবে সরাসরি একটি পাঠচক্রকে কেন্দ্র করে অনলাইনেও ধারাবাহিক আলোচনার পরিসর তৈরি হতে পারে।

যানজট ও যানবাহনের চাপে যখন রাস্তাঘাট প্রায় অচল, তখন গুলিস্তানের ঘিঞ্জি পরিবেশে গোলাপ শাহ মাজারের পাশে বসে পাঠচক্র আয়োজনের কথা ভাবতাম। অন্যদিকে, প্রযুক্তি যখন মানুষের মনোযোগের বড় একটি অংশ দখল করে নিচ্ছে, তখন সেই প্রযুক্তিকেই কাজে লাগিয়ে পাঠকের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির পরিকল্পনা করছিলাম। এসব ভাবনা নিয়ে মাঝেমধ্যে সহকর্মীদের সঙ্গে কথাও হতো। তবে কয়েকজনমাত্র কর্মকর্তা নিয়ে একদিকে বিভাগীয় বইমেলা, অন্যদিকে গ্রন্থাগার পরিদর্শন, প্রতিযোগিতা ও অনুদান বিতরণের দায়িত্ব সামলাতে গিয়ে এমনিতেই হিমশিম খেতে হতো। এর মধ্যে নতুন একটি কার্যক্রম যুক্ত করা কতটা সম্ভব, তা নিয়েও সংশয় ছিল।

এরই মধ্যে একদিন জাতীয় গ্রন্থকেন্দ্রে এলেন ‘অআকখ’ নামের একটি পাঠকসংগঠনের সদস্যরা। জানতে পারলাম, তারা দীর্ঘদিন ধরে নিজেদের উদ্যোগে পাঠচক্র আয়োজন করছেন। সংগঠনটির অধিকাংশ সদস্যই শিক্ষার্থী। নিয়মিত পাঠচক্র করলেও তাদের বসার উপযুক্ত জায়গা নেই। উন্মুক্ত স্থানে আয়োজন করতে গিয়ে বৃষ্টির কারণে মাঝপথে পাঠচক্র বন্ধ করতে হয়েছে, এমন অভিজ্ঞতার কথাও তারা জানালেন। তাদের প্রস্তাব ছিল পাঠচক্র কিংবা এ ধরনের কোনো আয়োজন নিয়ে জাতীয় গ্রন্থকেন্দ্রের সঙ্গে কাজ করা। তাদের কাজের ধরন, আগ্রহ ও অভিজ্ঞতার কথা শুনে মনে হলো, এই তরুণদের সঙ্গে যুক্ত হয়ে পাঠচক্রের একটি কার্যক্রম শুরু করা যেতে পারে।

প্রথমেই আমরা পাঠচক্রের কাঠামো ও নিয়মকানুন নিয়ে আলোচনা করি। সিদ্ধান্ত হয়, চিরায়ত সাহিত্য দিয়ে শুরু হবে আমাদের আয়োজন। এমন বই নির্বাচন করা হবে, যা পাঠকের মনন ও চিন্তার জগতে প্রভাব ফেলে, অতীতের ইতিহাস ও সমাজবাস্তবতার পরিচয় দেয় এবং মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির পরিবর্তনের দলিল হয়ে ওঠে। একটি বইকে কেন্দ্র করে আলোচনার পাশাপাশি সংশ্লিষ্ট লেখকের অন্যান্য রচনা নিয়েও কথা বলার সুযোগ থাকবে।

পাঠচক্রের কাঠামোও নির্ধারণ করা হলো। প্রতিটি আয়োজনে একজন অতিথি আলোচক থাকবেন। তিনি লেখক, কবি, গবেষক কিংবা অধ্যাপক—যে পরিচয়েরই হোন না কেন, আলোচ্য বই বা বইটির লেখক সম্পর্কে তার লেখালেখি কিংবা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে। শুরুতে উপস্থিত পাঠকেরা একে একে বইটি সম্পর্কে নিজেদের পাঠ-অভিজ্ঞতা, মতামত ও প্রশ্ন তুলে ধরবেন। সবশেষে অতিথি আলোচক বক্তব্য দেবেন এবং পাঠকদের প্রশ্নের উত্তর দেবেন। অর্থাৎ আলোচনার কেন্দ্রে থাকবেন পাঠকেরা; অতিথি আলোচক তাদের জিজ্ঞাসা ও পাঠ-অভিজ্ঞতার সূত্র ধরেই আলোচনাকে এগিয়ে নেবেন। আলাদা করে বড় পরিসরের অনুষ্ঠান আয়োজনের মতো জনবল আমাদের ছিল না বলে অতিথি আলোচক ছাড়া অন্য কাউকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানোর পরিকল্পনাও রাখা হয়নি।

এভাবেই শুরু হলো পাঠচক্র। প্রথম আলোচনার জন্য নির্বাচন করা হলো শওকত আলীর প্রদোষে প্রাকৃতজন বইটি। ভাষার দিক থেকে এ বই বর্তমান সময়ের তরুণ পাঠকদের কাছে কিছুটা দুরূহ মনে হতে পারে। কিন্তু প্রথম আয়োজনেই দেখলাম, অংশগ্রহণকারীরা প্রত্যেকেই বইটি পড়ে এসেছেন। অনলাইনে প্রচারিত খবরের সূত্র ধরে কয়েকজন লেখক, গ্রন্থাগারিক এবং নানা বয়স ও পেশার পাঠকও উপস্থিত হয়েছিলেন। প্রথম পাঠচক্রেই এই সাড়া আমাকে আশাবাদী করে তোলে। প্রায় চার ঘণ্টা ধরে আলোচনা চলে। কয়েকজন অংশগ্রহণকারী পরামর্শ দেন, সাপ্তাহিক ছুটির দিনে আয়োজন করলে চাকরিজীবী পাঠকদের অংশগ্রহণ বাড়বে। পরবর্তী আয়োজন থেকে তাই শনিবারকে পাঠচক্রের দিন হিসেবে নির্ধারণ করা হয়। প্রতিবারই ঘণ্টা চারেক ধরে চলে আলোচনা। পাঠকেরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও প্রশ্ন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ধীরে ধীরে প্রতিটি আয়োজনে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকে।

পাঠচক্রের আলোচনার ভিডিও ‘অআকখ’ ও জাতীয় গ্রন্থকেন্দ্রের ফেসবুক পেজে প্রকাশ করা শুরু হয়। নাচ-গান কিংবা দৃশ্যনির্ভর কোনো বিনোদনমূলক উপস্থাপনা ছাড়াই বই নিয়ে দীর্ঘ আলোচনার ভিডিওগুলো লাখ লাখ দর্শকের কাছে পৌঁছাতে থাকে। বাড়তে থাকে মন্তব্য ও প্রতিক্রিয়াও। কয়েক দশক ধরে অনেকটা আড়ালে থাকা পাঠচক্রের চর্চা নতুন করে মানুষের মনোযোগ আকর্ষণ করে। ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পাঠচক্র আয়োজনের খবর পেতে থাকি। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠান থেকে যোগাযোগ করে তাদের এলাকায় কিংবা প্রতিষ্ঠানে পাঠচক্র আয়োজনের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু জাতীয় গ্রন্থকেন্দ্রের সীমিত জনবল নিয়ে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত গিয়ে এ ধরনের আয়োজন পরিচালনা করা সম্ভব ছিল না।

প্রথম ছয় মাসে জাতীয় গ্রন্থকেন্দ্রেই ছয়টি পাঠচক্রের আয়োজন সম্পন্ন হয়। আখতারুজ্জামান ইলিয়াস, হুমায়ূন আহমেদ, জর্জ অরওয়েল, সৈয়দ ওয়ালীউল্লাহ ও শওকত আলীর বই নিয়ে এসব আয়োজন অনুষ্ঠিত হয়। ছয়টি পাঠচক্র সফলভাবে সম্পন্ন হওয়ার পর মনে হলো, কার্যক্রমটিকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনা প্রয়োজন। সে লক্ষ্যে বিষয়টি জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালনা বোর্ডের সভায় উপস্থাপন করা হয়। বোর্ডের সদস্যদের অনেকেই ব্যক্তিগতভাবে আমার পরিচিত ছিলেন না। কিন্তু পাঠচক্রের কথা শুনেই তাদের কয়েকজন জানালেন, তারা ইতিমধ্যে আয়োজনগুলোর ভিডিও দেখেছেন। কেউ কেউ বললেন, ‘হ্যাঁ, আপনাদের পাঠচক্রের ভিডিও দেখেছি।’ আবার কেউ বললেন, ‘ওই পাঠচক্রটা আপনাদের, না? দারুণ! বেশ কয়েকটি ভিডিও দেখেছি।’ বিষয়টি আমাদের জন্য উৎসাহব্যঞ্জক ছিল। শেষ পর্যন্ত পরিচালনা বোর্ড সর্বসম্মতিক্রমে কার্যক্রমটির প্রশাসনিক অনুমোদন দেয়। পাঠচক্র পরিচালনার জন্য কিছু বাজেটও বরাদ্দ করা হয়।

এরপর প্রায় চার মাসের বিরতি পড়ে। পরে আবার কার্যক্রম শুরু হয় এবং পরপর পাঁচটি পাঠচক্র অনুষ্ঠিত হয়। আহমদ ছফা, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, শওকত ওসমান ও শামসুর রাহমানের বই নিয়ে এসব আয়োজন সম্পন্ন হয়েছে। এখন জাতীয় গ্রন্থকেন্দ্রের নিজস্ব আয়োজনের পাশাপাশি পাঠচক্রকে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি জেলায় পাঁচ থেকে সাতটি ভিন্ন শিরোনামের বইয়ের দশ কপি করে পাঠানো হবে। বইগুলো সংশ্লিষ্ট জেলার দশটি বেসরকারি পাঠাগারে পর্যায়ক্রমে ঘুরবে। জাতীয় গ্রন্থকেন্দ্রের নির্ধারিত নিয়ম অনুসরণ করে পাঠাগারগুলোর তত্ত্বাবধানে জেলার পাঠকেরা নির্দিষ্ট সময়ের মধ্যে বইগুলো পড়বেন এবং অন্তত ৫০টি পাঠচক্র আয়োজন করবেন। কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ ও মূল্যায়নের পর জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। সর্বাধিকসংখ্যক পাঠচক্রে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী পাঠকদের পুরস্কার হিসেবে বই দেওয়া হবে।

এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো, পাঠচক্রে নিয়মিত অংশগ্রহণের মধ্য দিয়ে একজন মনোযোগী পাঠককে ধীরে ধীরে নিজেই পাঠচক্র আয়োজনের উপযুক্ত করে তোলা। ইতিমধ্যে চারটি জেলায় বই পাঠানোর মাধ্যমে পরীক্ষামূলক বা ‘পাইলট পাঠচক্র’ কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাঠচক্রের জন্য এমন চিরায়ত বই নির্বাচন করা হচ্ছে, যেগুলোর দাম তুলনামূলক কম এবং যা সহজে পাঠকের নাগালে পৌঁছানো সম্ভব। পৃথক কোনো বড় বাজেট ছাড়াই সামর্থ্যের সীমা অতিক্রম করে এই উদ্যোগ এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। বই নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে এমন রচনাকে, যেগুলো নতুন পাঠকের চিন্তা ও মননশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই পাঠচক্র কার্যক্রমের উদ্দেশ্য কেবল নতুন পাঠক তৈরি করা নয়; যাদের মধ্যে কোনো কারণে পাঠাভ্যাস স্তিমিত হয়ে পড়েছে, তাদেরও আবার বইয়ের কাছে ফিরিয়ে আনা। মূলত দেশব্যাপী একটি পাঠকসমাজ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। প্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে শুধু বিপুলসংখ্যক বই ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে পাঠাগার সাজিয়ে রাখাই যথেষ্ট নয়, পাঠকদের সম্পৃক্ত করার মতো কার্যক্রমও প্রয়োজন। এমন কার্যক্রমে অংশ নিতে গিয়ে কোনো শিশু, কিশোর কিংবা তরুণের হাতে একটি জীবন-পরিবর্তনকারী বই পৌঁছে যেতে পারে। সেই বই তার চিন্তা ও জীবনবোধে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে, মানবিকতাবোধ জাগিয়ে তুলতে পারে এবং নেতিবাচক প্রবণতা থেকে দূরে থাকতে সহায়তা করতে পারে। পাঠাভ্যাস ও সংস্কৃতিচর্চার প্রসারের মধ্য দিয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখাই জাতীয় গ্রন্থকেন্দ্রের এই উদ্যোগের মূল প্রত্যাশা।

কয়েকটি জেলায় পাঠচক্র আয়োজনের জন্য বই পাঠানোর পরপরই দেশের বিভিন্ন অঞ্চলের বহু পাঠাগার এ কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। জাতীয় গ্রন্থকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে তারাও পাঠচক্র আয়োজনের সুযোগ চাইছে। এই আগ্রহই নতুন কার্যক্রমটির প্রয়োজনীয়তা ও সম্ভাবনার ইঙ্গিত দেয়। পরিকল্পিতভাবে সারা দেশে পাঠচক্রের আয়োজন করা সম্ভব হলে পাঠাভ্যাসের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশা করি। আমাদের বিশ্বাস, কখনো কখনো ছোট একটি উদ্যোগও বড় পরিবর্তনের সূচনা করতে পারে। এই হলো জাতীয় গ্রন্থকেন্দ্র ও ‘অআকখ’র যৌথ উদ্যোগে এক বছরের পাঠচক্রের গল্প।

পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র