বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী উপলক্ষে আগামী ৬ থেকে ১৩ জানুয়ারি ২০২৭ পর্যন্ত সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
বুধবার (১১ নভেম্বর) বুয়েটের কাউন্সিল ভবনের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একরামুল হক।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ছাত্রকল্যাণ পরিচালক, সমন্বয়ক ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবদুল মোতালেব।
শুভেচ্ছা বক্তব্যে সংগঠনটির মহাসচিব প্রকৌশলী মো. আতিকুর রহমান ভূঁইয়া বলেন, বুয়েটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে একটি শক্তিশালী ও কার্যকর অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে, যা আগামী প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ হিসেবে কাজ করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক শিক্ষার্থী বর্ষীয়ান অভিনেতা, লেখক, নাট্যনির্দেশক ও সিভিল ইঞ্জিনিয়ার আবুল হায়াত। নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করে তিনি বলেন, বুয়েট শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের শিক্ষা দেওয়ার অনন্য প্রতিষ্ঠান। শিক্ষাজীবনে পরীক্ষার হলে শিক্ষকদের কঠোর তদারকি এবং নকলের কোনো সুযোগ না থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বুয়েট থেকে তারা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি, সততা ও নৈতিকতার শিক্ষাও পেয়েছেন। এই শিক্ষাই তাদের কর্মজীবনে পথ দেখিয়েছে।
আবুল হায়াত বলেন, একসময় বুয়েটের শিক্ষার্থীদের সামাজিক মর্যাদা ও গ্রহণযোগ্যতা অনেক বেশি ছিল। সময়ের সঙ্গে প্রকৌশলীদের সেই অবস্থানের পরিবর্তন হলেও দেশের উন্নয়নে তারা মেধা, জ্ঞান, সৃজনশীলতা ও নিষ্ঠা দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সমাজে কে কতটা সৎ, তা কোনো নির্দিষ্ট পেশার ওপর নির্ভর করে না; বরং প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব পালনের ওপর নির্ভর করে।
বুয়েটের বর্তমান অবস্থানের পেছনে শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন উপাচার্য অধ্যাপক একরামুল হক। তিনি বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিভিন্ন জায়গায় বুয়েটকে তুলে ধরছেন। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত বুয়েটের প্রাতিষ্ঠানিক কাঠামো ও শক্তিশালী ব্যবস্থাপনা এখনো বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিচ্ছে। ব্যক্তি পরিবর্তিত হলেও এই ব্যবস্থা টিকে আছে বলেই গত দুই দশকে নানা ঘটনার মধ্যেও বুয়েটের প্রাতিষ্ঠানিক কাঠামো অক্ষুণ্ন রয়েছে।
বুয়েটকে পরবর্তী ধাপে উন্নীত করতে প্রাক্তন শিক্ষার্থী ও সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন উপাচার্য। ‘বুয়েট ডেভেলপমেন্ট ট্রাস্ট’ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ তহবিলে সরকার, প্রাক্তন শিক্ষার্থী ও বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অবদান প্রয়োজন। দেশের বড় প্রতিষ্ঠানগুলোকে বুয়েটের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বুয়েটে বিনা খরচে পড়াশোনার সুযোগ পাওয়া প্রাক্তন শিক্ষার্থীরা চাইলে তাঁদের শিক্ষার পেছনে রাষ্ট্রের বিনিয়োগের প্রতিদান হিসেবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখতে পারেন।
সংবাদ সম্মেলনে সপ্তাহব্যাপী মহাপুনর্মিলনীর কর্মসূচি তুলে ধরেন বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও উদযাপন কমিটির সদস্যসচিব প্রকৌশলী ইমু রিয়াজুল হাসান। কর্মসূচি অনুযায়ী, ৬ জানুয়ারি প্রথম দিন হলভিত্তিক অনুষ্ঠান, হল প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের আড্ডা, র্যালি, নিবন্ধন ও স্মারকসামগ্রী বিতরণ, প্রকৌশল প্রজন্মের স্টল উদ্বোধন, ড. জামিলুর রেজা চৌধুরী স্মারক বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
৭ জানুয়ারি বুয়েটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও অর্জন নিয়ে আলোচনা, প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও পরামর্শ বিনিময় এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি থাকবে ১৪তম মহাপুনর্মিলনীর মূল উদ্বোধন, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বুয়েটের ১৫০ বছরের ইতিহাস ও বিভিন্ন ক্ষেত্রে অবদান নিয়ে আলোচনা, কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও পুরস্কার বিতরণ এবং ঐতিহাসিক বিষয়ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
৯ জানুয়ারি উদ্যোক্তা উন্নয়নবিষয়ক কর্মশালা, ৫০ ও ৩০ বছর পূর্তি উপলক্ষে বুয়েটের গ্র্যাজুয়েটদের সংবর্ধনা, বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উদ্যোক্তা ও স্পন্সরদের সম্মাননা দেওয়া হবে। এ ছাড়া ১০ থেকে ১৩ জানুয়ারি সুন্দরবন, পদ্মা নদীতে ক্রুজ এবং গাজীপুরের সারাহ রিসোর্টে ভ্রমণের আয়োজন রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে সমাপনী বক্তব্য দেন বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুর রউফ। তিনি বলেন, সহ-উপাচার্যের প্রস্তাবিত ৩০ কোটি টাকার তহবিল গঠনের বিষয়টি পরবর্তী কাউন্সিল ও ট্রাস্টি বোর্ডের সভায় উত্থাপন করা হবে। অ্যালামনাইয়ের পক্ষ থেকে প্রস্তাবটি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।