মতলবে বিএনপির পার্টি অফিসে মধ্যরাতে অগ্নিসংযোগ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির সংসদ সদস্য আলহাজ ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নিজ ইউনিয়নে বিএনপির একটি দলীয় কার্যালয়ে আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

অভিযোগের পর মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

সরেজমিনে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কার্যালয়ে টিনের ঘরটির একটি অংশে আগুন লাগার দৃশ্য দেখা যায়।

এ বিষয়ে কথা হলে এই কার্যালয়টি তদারককারী ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন বলেন, গতরাত আড়াইটার দিকে আমাদের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দলীয় কার্যালয়টি পাকা সড়কের পাশে হওয়ায় স্থানীয় অটোরিকশা গাড়ির চালক এ পথে যাওয়ার সময় অল্প ক্ষয়ক্ষতির মধ্যেই আগুন নেভাতে সক্ষম হন।

স্থানীয় আওয়ামী স্বৈরাচাররাই আমাদের পার্টি অফিসে আগুন লাগিয়েছে, এটা তিনি শতভাগ নিশ্চিত করে দাবি করেন। এর আগে আওয়ামী শাসনামলের গত ২০১৮ সালেও তারা আমাদের দলীয় এ কার্যালয়ে আগুন দিয়েছিল বলে দাবি করেন এই রাজনৈতিক নেতা কাজী সাখাওয়াত হোসেন।

স্থানীয় ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী বলেন, আমরা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী, কিন্তু এ ধরনের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের বিষয়টি সত্যিই দুঃখজনক।

এ বিষয়ে মুঠোফোনে কথা হলে উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) বশির আহমেদ খান জানান, আমাদের এমপি সাহেবের রাজনৈতিক দেউলিয়াত্ব, তিনি এবং তাঁর স্বজনরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে রাজনীতি করার কারণেই আজ বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা।

ক্ষমতাসীন দল বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাটি বড় ধরনের কোনো নাশকতার অংশ কি না, এ বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া জানান, ঘটনাটিতে আমাদের তদন্ত চলমান রয়েছে এবং আমরা এ বিষয়ে কাজ করছি। আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অভিযান চলমান রয়েছে।

এ বিষয়টি নিয়ে মুঠোফোনে স্থানীয় সংসদ সদস্য আলহাজ ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সঙ্গে সাংবাদিক পরিচয় দিয়ে তাঁর ইউনিয়নে বিএনপির একটি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের বিষয়ে জানতে চাইলে, তিনি খেতে বসেছেন এবং পরে ফোন দেবেন বলে ফোনটি রেখে দেন।